বাংলাদেশ ব্যাংকের যুগ্ম পরিচালকের ঝুলন্ত মরদেহ উদ্ধার
চট্টগ্রামের হালিশহরে নিজ বাসা থেকে বাংলাদেশ ব্যাংকের যুগ্ম পরিচালক মোহাম্মদ ছায়েদুর রহমানের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল বুধবার (২ সেপ্টেম্বর) রাত ৯টার দিকে উত্তর আগ্রাবাদের রমনা আবাসিক এলাকার বাসা থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়।
ছায়েদুর রহমানের সহকর্মীরা বলেন, সন্ধ্যা ৬টা পর্যন্ত তিনি কর্মস্থলে সহকর্মীদের সঙ্গে একটি সভায় ছিলেন। তখন তাঁকে স্বাভাবিক ও হাসিখুশি দেখা গেছে। প্রায় দুই বছর আগে তিনি যুগ্ম পরিচালক পদে পদোন্নতি পান।
জানা গেছে, সন্ধ্যায় ছায়েদুর রহমানের স্ত্রী নাতিকে নিয়ে চিকিৎসকের কাছে গিয়েছিলেন। পরে তাঁর স্ত্রী বাসায় ফিরে ছায়েদুর রহমানের ঝুলন্ত মরদেহ দেখতে পান। খবর পেয়ে হালিশহর থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। ছায়েদুর রহমানের তিন মেয়ে। তাঁর বড় মেয়ে প্রকৌশলী এবং ছোট মেয়ে চিকিৎসাশাস্ত্রে (এমবিবিএস) পড়াশোনা করছেন। তাঁরা দুজন ঢাকায় থাকেন। মেজ মেয়ে চিকিৎসক। তিনি চট্টগ্রামের একটি বেসরকারি হাসপাতালে কর্মরত।
হালিশহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জয়নাল আবেদিন মণ্ডল বলেন, পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। বিস্তারিত তথ্য পরে জানানো হবে।

আরিচ আহমেদ শাহ, চট্টগ্রাম