সার না পেয়ে রংপুরে কৃষকদের মানববন্ধন
কৃষকদের চাহিদা অনুযায়ী পর্যাপ্ত সার সরবরাহ, সার সংকট নিরসন এবং হয়রানি বন্ধের দাবিতে রংপুরের মিঠাপুকুরে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার (৩১ আগস্ট) সকাল ১০টায় মিঠাপুকুর ফ্লাইওভার ব্রিজ সংলগ্ন রংপুর-ঢাকা মহাসড়কে বাংলাদেশ কৃষিজীবী শ্রমিক ইউনিয়নের মিঠাপুকুর উপজেলা শাখার উদ্যোগে এ কর্মসূচি পালন করা হয়।
মানববন্ধনে অংশ নেওয়া বক্তারা বলেন, কৃষি উৎপাদনের এই গুরুত্বপূর্ণ সময়ে পর্যাপ্ত সার না পাওয়ায় কৃষকেরা চরম বিপাকে পড়েছেন। সারের সংকট থাকলে অতিরিক্ত দামে সার কিনতে বাধ্য হতে হয়, যা সারের উৎপাদন খরচ আরও বাড়িয়ে দিচ্ছে। সময়মতো সার সরবরাহ নিশ্চিত না করলে কৃষি উৎপাদন ব্যাহত হবে এবং এর নেতিবাচক প্রভাব সরাসরি কৃষকদের ওপর পড়বে। তাই দ্রুত পর্যাপ্ত সার সরবরাহ নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কার্যকর পদক্ষেপ দাবি করেন তারা।
কর্মসূচিতে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন রংপুর জেলা শাখার সেক্রেটারি হারুনুর রশিদ বেলাল প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন এবং কৃষকদের ন্যায্য অধিকার নিশ্চিত করার আহ্বান জানান।
বিশেষ অতিথির বক্তব্যে কৃষিজীবী শ্রমিক ইউনিয়ন রংপুর জেলা শাখার সেক্রেটারি মিজানুর রহমান বলেন, দেশের অর্থনীতির অন্যতম চালিকাশক্তি কৃষককে বাঁচাতে সারসহ প্রয়োজনীয় কৃষি উপকরণের পর্যাপ্ত সরবরাহ নিশ্চিত করা জরুরি।
বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের মিঠাপুকুর উপজেলা সভাপতি আবু জাহের নোমানের সভাপতিত্বে মানববন্ধনে স্থানীয় নেতৃবৃন্দসহ বিপুলসংখ্যক কৃষক ও কৃষিজীবী শ্রমিক অংশ নেন।

মো. রতন মিয়া, রংপুর (পীরগঞ্জ-মিঠাপুকুর)