প্রধানমন্ত্রীর নেতৃত্বে দেশ পুনর্গঠনের কাজ শুরু হয়েছে : এ্যাব আহ্বায়ক
ইঞ্জিনিয়ার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ(এ্যাব)-এর আহ্বায়ক প্রকৌশলী শাহরিন ইসলাম তুহিন বলেছেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে দেশের উন্নয়ন ও পুনর্গঠনের কাজ শুরু হয়েছে।
শনিবার (২৯ আগস্ট) বিকেলে নীলফামারী চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সম্মেলনকক্ষে ব্যবসায়ীদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তুহিন এসব কথা বলেন।
নীলফামারী-১ আসনের সাবেক সদস্য তুহিন বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান দেশ পুনর্গঠনের কাজ শুরু করেছেন। এই প্রক্রিয়ায় নীলফামারী পিছিয়ে থাকবে না। তিনি নীলফামারীর ব্যবসা-বাণিজ্যের উন্নয়ন এবং জেলায় উচ্চশিক্ষার সুযোগ সম্প্রসারণে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।
তুহিন বলেন, মানসম্মত শিক্ষাপ্রতিষ্ঠানের অভাবে নীলফামারীর অনেক শিক্ষার্থী বিশ্ববিদ্যালয় ও মেডিকেল কলেজে ভর্তির ক্ষেত্রে পিছিয়ে পড়ছে। তিনি বলেন, জেলার শিক্ষা খাতকে এগিয়ে নিতে মানসম্মত শিক্ষাপ্রতিষ্ঠান প্রতিষ্ঠার কাজ চলছে।
নীলফামারী চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি মো. মাহবুব উর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিভিন্ন খাতের ব্যবসায়ী ও উদ্যোক্তারা অংশ নেন।
এর আগে, প্রকৌশলী শাহরিন ইসলাম তুহিন শনিবার দুপুরে সার্কিট হাউস মিলনায়তনে জেলা পরিষদ আয়োজিত ৮০জন দরিদ্র মেধাবী শিক্ষার্থীর মাঝে শিক্ষাবৃত্তির চেক বিতরণ করেন।
জেলা পরিষদের প্রশাসক মো. মিজানুর রহমান চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন তামান্না ইয়াসমিন ও জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক সোহেল পারভেজ।
অনুষ্ঠানে জানানো হয়, চলতি বছর এসএসসিতে জিপিএ-৫ প্রাপ্ত ৩৩৮ জন শিক্ষার্থীর মাঝে শিক্ষাবৃত্তি প্রদান করবে জেলা পরিষদ। যার মধ্যে শনিবার ৮০ জনের মাঝে বৃত্তির চেক তুলে দেওয়া হয়।

বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)