জামালপুরে নিষিদ্ধ উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক গ্রেপ্তার
জামালপুরে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের দেওয়ানগঞ্জ উপজেলার সাধারণ সম্পাদক সোহেল রানাকে (৩০) গ্রেপ্তার করেছে পুলিশ। কয়েক মাস আগে তার বিরুদ্ধে করা ককটেল বিস্ফোরণ মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে।
পুলিশ জানায়, গতকাল বুধবার (২৬ আগস্ট) মধ্য রাতে গোপন সংবাদের ভিত্তিতে দেওয়ানগঞ্জ পৌর শহরের কালীতলা বটতলা মোড় থেকে দেওয়ানগঞ্জ মডেল থানা পুলিশের একটি দল অভিযান পরিচালনা করে। অভিযান চালিয়ে ছাত্রলীগনেতা সোহেল রানাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার করা নিষিদ্ধ ছাত্রলীগনেতা সোহেল রানা পৌর শহরের চর ভবসুর পশ্চিমপাড়া এলাকার মৃত মজিবর রহমানের ছেলে।
দেওয়ানগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনোয়ার হোসেন গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে জানান, ২০২৬ সালের জুন মাসে পৌর শহরের বাদে শশারিয়া এলাকায় ককটেল বিস্ফোরণের ঘটনায় করা মামলায় জড়িত থাকার অভিযোগে সোহেল রানাকে গ্রেপ্তার করা হয়েছে। আজ দুপুরে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

আসমাউল আসিফ, জামালপুর
এহসানুল মাহবুব, জামালপুর (বকশীগঞ্জ-দেওয়ানগঞ্জ-ইসলামপুর)