শরীয়তপুরে ট্রাক্টরচাপায় ভ্যানচালক নিহত
শরীয়তপুরের গোসাইরহাটে বেপরোয়া মাহিন্দ্রা ট্রাক্টরচাপায় মজিবর খান (৩০) নামের এক ভ্যানচালক নিহত হয়েছেন। গতকাল বুধবার (২৬ আগস্ট) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার সামন্তসার ইউনিয়নের মৌলভীবাজারের মোতালেব সরদারের দোকানের সামনে এই দুর্ঘটনা ঘটে। নিহত মজিবর খান পূর্বলাকাচুয়া গ্রামের ইউনুছ খানের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, মজিবর মোতালেব সরদারের দোকানের বেঞ্চে বসেছিলেন। এ সময় একটি বেপরোয়া গতির মাহিন্দ্রা ট্রাক্টর তাকে চাপা দিয়ে দ্রুত পালিয়ে যায়। পরবর্তীতে স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় মজিবরকে উদ্ধার করে গোসাইরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
গোসাইরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ বোরহান উদ্দিন বলেন, ট্রাক্টরচাপায় ভ্যানচালকের মৃত্যুর খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে এসেছে। এ ঘটনায় পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

আব্দুল আজিজ শিশির, শরীয়তপুর