খুলনায় দুই যুবকের মরদেহ উদ্ধার
খুলনার বটিয়াঘাটা উপজেলার কাজিবাছা নদী এবং নগরীর দৌলতপুর এলাকার একটি মাছের ঘের থেকে দুই যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল বুধবার (২৬ আগস্ট) সন্ধ্যা ও রাতে উদ্ধার হওয়া মরদেহ দুটির মধ্যে মনিরুল ইসলাম রনি (২৫) নামে এক যুবকের পরিচয় শনাক্ত হলেও নদী থেকে পাওয়া অপর অজ্ঞাত যুবকের পরিচয় জানা যায়নি। মরদেহ দুটি ময়নাতদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার বিকেল সোয়া ৬টার দিকে বটিয়াঘাটার গোপালখালী কাজিবাছা নদীর প্রিমিয়ার মিলস সংলগ্ন পশ্চিম কিনারায় একটি লাশ ভাসতে দেখে স্থানীয়রা নৌ পুলিশে খবর দেয়। পরে রূপসা নৌ-ফাঁড়ির পুলিশ ঘটনাস্থলে গিয়ে আনুমানিক ৩-৪ দিন আগের গলিত মরদেহটি উদ্ধার করে।
রূপসা নৌ-ফাঁড়ির ইনচার্জ মো. আবুল খায়ের বলেন, জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর মাধ্যমে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। মরদেহের পরিচয় শনাক্তের জন্য সিআইডি ও পিবিআইয়ের সদস্যদের ঘটনাস্থলে তলব করা হয়।
অন্যদিকে একই দিন রাতে দৌলতপুর থানার কার্তিককুল এলাকায় নাসিরের মাছের ঘের থেকে হাত-পা বাঁধা ও পেট কাটা অবস্থায় নিখোঁজ মনিরুল ইসলাম রনির গলিত মরদেহ উদ্ধার করা হয়।
খুলনা মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার অমিত কুমার বর্মণ বলেন, স্থানীয়দের খবরে মরদেহটি উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়। বাগেরহাটের মোংলায় কর্মরত রনি তিন দিন আগে মোটরসাইকেলসহ নিখোঁজ হয়েছিলেন। এ ঘটনায় থানায় জিডি করা হলে পরদিন তার মোটরসাইকেলটি উদ্ধার করে পুলিশ। উদ্ধারকৃত মরদেহের পরিহিত প্যান্ট ও কোমরের বেল্ট দেখে পরিবারের সদস্যরা প্রাথমিকভাবে এটি রনির মরদেহ বলে শনাক্ত করেন।

মুহাম্মদ আবু তৈয়ব, খুলনা