এনটিভি মাল্টিমিডিয়ায় সংবাদ প্রচার : সেই বৃদ্ধার আশ্রয় ‘চাইল্ড অ্যান্ড ওল্ড এজ কেয়ারে’
‘জিডি জটিলতায় আটকে আছে বৃদ্ধার চিকিৎসা’ শিরোনামে এনটিভি মাল্টিমিডিয়ায় সংবাদ প্রচার হওয়ায় পরিচয়হীন প্রায় ৭০ বছর বয়সের সেই বৃদ্ধার আশ্রয় হচ্ছে ঢাকার সাভারে ‘চাইল্ড অ্যান্ড ওল্ড এজ কেয়ারে’। সোমবার (২৪ আগস্ট) দিনগত মধ্যরাত পর্যন্ত চরম অনিশ্চয়তার মধ্যে কাটে অসহায় এই নারীর ভাগ্য।
বাগেরহাটের শরণখোলা উপজেলার দাশকুড়া এলাকায় ১৫ বছর ধরে পরিচয়হীন প্রায় ৭০ বছর বয়সের এই অসহায় নারী বেঁচে আছেন মানুষের দ্বারে দ্বারে চেয়েচিন্তে খেয়ে। কিন্তু নিয়তির নিষ্ঠুরতায় এক মাস ধরে মাথার পেছনের অংশে পচন ধরে তীব্র যন্ত্রণায় প্রতিনিয়ত ছটফট করছিলেন তিনি। কেউ ফিরেও তাকায়নি সেই অবর্ণনীয় কষ্টের দিকে। অবশেষে এই করুণ দৃশ্য নজরে আসে স্থানীয় কনটেন্ট ক্রিয়েটর নাহিদের। মায়ায় জড়িয়ে তিনি হাত গুটিয়ে বসে থাকতে পারেননি। স্থানীয় কয়েকজন হৃদয়বান যুবকের সহযোগিতায় বৃদ্ধাকে উদ্ধার করে শরণখোলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর চিকিৎসকরা জানান, বৃদ্ধার মাথায় পচন ধরায় তার সার্বক্ষণিক সেবা ও দীর্ঘমেয়াদী চিকিৎসার জন্য একটি নিরাপদ ওল্ড এজ হোম ছাড়া বিকল্প নেই।
চিকিৎসকদের পরামর্শে তারা ঢাকার সাভারের চাইল্ড অ্যান্ড ওল্ড এজ কেয়ারে যোগাযোগ করেন। সেখান থেকে জানানো হয়, অজ্ঞাতপরিচয় ব্যক্তির সুরক্ষার স্বার্থে থানার জিডির কপি ছাড়া গ্রহণ করা সম্ভব নয়। পরে জিডির জন্য শরণখোলা থানায় যোগাযোগ করা হলে বাঁধ সাধে আইনি জটিলতা। থানা থেকে জানানো হয়—এমন ইস্যুতে জিডি করার কোনো নিয়ম নেই। একটি সই আর কাগজপত্রের এই অদৃশ্য দেয়ালের কাছে আটকে যায় মুমূর্ষু বৃদ্ধার জীবনের আলো। ২৪ আগস্ট মধ্যরাত পর্যন্ত চরম অনিশ্চয়তার মধ্যে কাটে প্রবীণ এই নারীর ভাগ্য। এরপর বৃদ্ধার আর্তনাদ গিয়ে পৌঁছায় এনটিভির মাল্টিমিডিয়ায়। রাত ১২টায় লাইভ প্রচারিত হওয়ায় নাড়া দেয় ঊর্ধ্বতন কর্মকর্তা ও উচ্চ মহলে। এরপর আজ মঙ্গলবার (২৫ আগস্ট) সকালে কনটেন্ট ক্রিয়েটর নাহিদ পুনরায় শরণখোলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রোকিয়া বেগমের সঙ্গে সাক্ষাৎ করেন। এনটিভির মাল্টিমিডিয়ার সংবাদের বিষয়টি ও পুরো ঘটনার মানবিক গুরুত্ব অনুধাবন করে তিনি অবিলম্বে জিডি নথিভুক্ত করার নির্দেশ দেন।
জিডি সম্পন্ন হওয়ার পর পরই কনটেন্ট ক্রিয়েটর নাহিদ পরম মমতায় ওই বৃদ্ধাকে নিয়ে ঢাকার সাভারের চাইল্ড অ্যান্ড ওল্ড এজ কেয়ারের উদ্দেশে রওনা হন।
নাহিদ, আবির ও রোমানের মতো তরুণদের এমন মানবিকতার গল্প ভাসছে সামাজিক যোগাযোগমাধ্যমে। পরম মমতায় এক অসহায় বৃদ্ধার পাশে দাঁড়ানোয় সর্বস্তরের মানুষ তাদের শুভকামনা ও প্রশংসায় ভাসিয়ে দিচ্ছেন। সেইসঙ্গে একটি নিউজের মাধ্যমে আইনি বেড়াজাল ভেঙে অসহায় এক মায়ের চিকিৎসার ব্যবস্থা হওয়ায় এনটিভিকে সাধুবাদ জানিয়েছে শরণখোলার সর্বস্তরের জনগণ।

জাহিদ হিমেল, বাগেরহাট (শরণখোলা)