শিশু আছিয়া হত্যা : হাইকোর্টের রায়ের তারিখ পিছানোয় ক্ষুব্ধ স্বজনরা
মাগুরার বহুল আলোচিত শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা মামলায় নিম্ন আদালতের মৃত্যুদণ্ডাদেশের বিরুদ্ধে আসামিপক্ষের পুনর্বিবেচনা আবেদনের রায় ঘোষণার তারিখ পিছিয়ে ৩১ আগস্ট নির্ধারণ করায় তীব্র ক্ষোভ ও অসন্তোষ প্রকাশ করেছে নিহত শিশুর পরিবার। রাষ্ট্রপক্ষের আবেদনের পরিপ্রেক্ষিতে আজ মঙ্গলবার (২৫ আগস্ট) হাইকোর্ট নতুন এই তারিখ ধার্য করেন। মাগুরা শ্রীপুর উপজেলার জারিয়া গ্রামে নিজের বাড়িতে বসে গণমাধ্যমের মাধ্যমে রায় পিছানোর খবর পেয়ে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানান নিহত শিশু আছিয়ার মা আয়েশা আক্তার।
ঘটনার বিবরণী থেকে জানা যায়, ২০২৫ সালের ৬ মার্চ রাতে মাগুরা শহরতলীর নিজনান্দুয়ালী গ্রামে বোনের বাড়িতে বেড়াতে গিয়ে বোনের শ্বশুর হিটু শেখের কাছে ধর্ষণের শিকার হয় আট বছরের শিশু আছিয়া। মারাত্মক জখম অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন থাকা অবস্থায় ১৩ মার্চ শিশুটি মারা যায়। এ ঘটনায় শিশুটির মা বাদী হয়ে হিটু শেখসহ চারজনকে আসামি করে মাগুরা সদর থানায় একটি ধর্ষণ ও হত্যা মামলা করেন।
সারাদেশে আলোড়ন সৃষ্টিকারী এ মামলাটির বিচারকাজ অত্যন্ত দ্রুততার সাথে সম্পন্ন করে মাগুরার নিম্ন আদালত। মাত্র ১৩ কার্যদিবসের মধ্যে শুনানি ও সাক্ষ্যগ্রহণ শেষে ২০২৫ সালের ১৭ মে মূল অভিযুক্ত হিটু শেখকে মৃত্যুদণ্ডাদেশ দিয়ে রায় ঘোষণা করা হয়। পরবর্তীতে আসামিপক্ষ এই রায়ের বিরুদ্ধে হাইকোর্টে পুনঃবিবেচনার আবেদন জানালে শুনানি শেষে আজ মঙ্গলবার চূড়ান্ত রায় দেওয়ার কথা ছিল।

শফিকুল ইসলাম শফিক, মাগুরা