সড়ক দুর্ঘটনায় নিহত ও আহতদের পরিবারের মাঝে ক্ষতিপূরণের চেক বিতরণ
ফরিদপুরে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর মধ্যে মোট দুই কোটি ৫৫ লাখ টাকার আর্থিক সহায়তার চেক বিতরণ করা হয়েছে। আজ মঙ্গলবার (২৫ আগস্ট) সকাল সাড়ে ১০টায় জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে বিআরটিএ ও স্থানীয় প্রশাসনের যৌথ উদ্যোগে আয়োজিত এক অনুষ্ঠানে এসব ক্ষতিপূরণের চেক তুলে দেওয়া হয়।
অনুষ্ঠানে ফরিদপুরের জেলা প্রশাসক মাজহারুল ইসলাম সভাপতি হিসেবে উপস্থিত থেকে আনুষ্ঠানিকভাবে ক্ষতিগ্রস্তদের স্বজনদের হাতে ক্ষতিপূরণের চেক হস্তান্তর করেন। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা) হাসান বিন মুহাম্মদ আলী, বিআরটিএ ফরিদপুর সার্কেলের সহকারী পরিচালক পলাশ খীসা এবং স্থানীয় পরিবহণ শ্রমিক সংগঠনের নেতা খন্দকার শাহিন ও গোলাম আজাদ উপস্থিত ছিলেন।
বিআরটিএ সূত্রে জানা যায়, অনুষ্ঠানে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত সর্বমোট ৬১টি পরিবারের মাঝে এ আর্থিক সহায়তা দেওয়া হয়। এর মধ্যে নিহত ৪৮ জনের প্রতিটির পরিবারকে ৫ লাখ টাকা করে মোট দুই কোটি ৪০ লাখ টাকা প্রদান করা হয়। এছাড়া দুর্ঘটনায় আহত ১৩ জনের চিকিৎসাসেবা ও পুনর্বাসনের জন্য প্রদান করা হয় ১৫ লাখ টাকা।

সঞ্জিব দাস, ফরিদপুর