নৌকা উল্টে বড়শির সুতায় পেঁচিয়ে জেলের মৃত্যু
কুষ্টিয়ার কুমারখালীতে গড়াই নদীতে মাছ ধরতে গিয়ে নৌকা উল্টে পরিমল মণ্ডল (৩৮) নামের এক জেলের মৃত্যু হয়েছে। গতকাল সোমবার (২৪ আগস্ট) বিকেলে কুমারখালী পৌরসভার এম এন বাঁধ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত পরিমল খোকসা উপজেলার মোড়াগাছা ইউনিয়নের হিলালপুর গ্রামের মান্য মণ্ডলের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার বিকেলে প্রমত্তা গড়াই নদীর তীব্র স্রোতের মধ্যে একটি টিনের ডিঙি নৌকায় বসে লম্বা সুতায় বেশ কয়েকটি বড়শি ফেলে মাছ ধরছিলেন পরিমল। বিকেল ৫টার দিকে হঠাৎ তীব্র স্রোতে নৌকাটি উল্টে যায়। এ সময় বড়শির সুতা শরীরে পেঁচিয়ে গেলে তিনি আর ভেসে উঠতে পারেননি। পরে স্থানীয়রা নদীতে নেমে তাকে উদ্ধার করে বিকেল ৫টা ৪৫ মিনিটের দিকে কুমারখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জামাল উদ্দিন বলেন, মাছ ধরার সময় ডিঙি নৌকা উল্টে এবং শরীরে বড়শির সুতা পেঁচিয়ে নদীতে ডুবে ওই জেলের মৃত্যু হয়েছে। এ ঘটনায় নৌ-পুলিশ প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করবে। বর্তমানে মরদেহটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রাখা হয়েছে।

এম আর নয়ন, কুষ্টিয়া (কুমারখালী-খোকসা)