রাজধানীতে বৃষ্টির আভাস, যেমন থাকবে তাপমাত্রা
রাজধানী ঢাকা ও পার্শ্ববর্তী এলাকাগুলোতে আংশিক মেঘলা থেকে অস্থায়ীভাবে মেঘলা আকাশ থাকতে পারে। সেই সঙ্গে হালকা বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস অনুযায়ী, দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকবে।
আজ রোববার (২৩ আগস্ট) আবহাওয়া অফিস থেকে প্রাপ্ত ৬ ঘণ্টার পূর্বাভাসে জানানো হয়, আজ সকাল ৭টা থেকে পরবর্তী সময়ে বাতাসের গতিবেগ দক্ষিণ বা দক্ষিণ-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ১০ থেকে ১৫ কিলোমিটার হতে পারে। সকালে তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২৭.৪০ ডিগ্রি সেলসিয়াস এবং বাতাসের আর্দ্রতা ছিল ৯১ শতাংশ।
গত ২৪ ঘণ্টায় ঢাকায় সামান্য (০৪ মি.মি.) বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। গতকালের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৫.৫০ ডিগ্রি সেলসিয়াস। আজকের সর্বনিম্ন তাপমাত্রা ২৭.৩০ ডিগ্রি সেলসিয়াস। আজ সূর্যাস্ত হবে সন্ধ্যা ৬টা ২৫ মিনিটে এবং আগামীকাল সূর্যোদয় হবে ভোর ৫টা ৩৭ মিনিটে।

এনটিভি অনলাইন ডেস্ক