রংপুরে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে নারী নিহত
রংপুরের পীরগাছায় ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে লিজা (২১) নামে এক নারী নিহত হয়েছেন। এ ঘটনায় তার স্বামী গুরুতর আহত হয়েছেন। গতকাল শনিবার (১৫ আগস্ট) সন্ধ্যা সোয়া ৭টার দিকে পাওটানা-সাতমাথা সড়কের কালীগঞ্জ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, লিজা তার স্বামীর সঙ্গে মোটরসাইকেলে করে শ্বশুরবাড়ি থেকে বাবার বাড়ি যাচ্ছিলেন। পথিমধ্যে কালীগঞ্জ এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে মোটরসাইকেলটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেলটি দুমড়ে-মুচড়ে গিয়ে ঘটনাস্থলেই লিজার মৃত্যু হয়।
দুর্ঘটনার পর স্থানীয়রা আশঙ্কাজনক অবস্থায় লিজার স্বামীকে উদ্ধার করে পীরগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে অবস্থার অবনতি হলে তাকে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
পীরগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেলিম মালিক বলেন, দুর্ঘটনার খবর পেয়ে তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণ ও সড়ক পরিবহণ আইনে মামলার প্রক্রিয়া চলছে।

সুজন মনোয়ার, রংপুর (কাউনিয়া-পীরগাছা)