আজ কিশোরগঞ্জ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রী তারেক রহমান জাতীয় মৎস্য পক্ষ সামনে রেখে রোববার কিশোরগঞ্জে যাচ্ছেন।
আজ রোববার (১৬ আগস্ট) সকালে প্রধানমন্ত্রীর এই সফর শুরু হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন।
আতিকুর রহমান রুমন বলেন, ‘প্রধানমন্ত্রী তারেক রহমান সকালে কিশোরগঞ্জের উদ্দেশে রওনা হবেন। তিনি সড়কপথে যাবেন। সেখানে কটিয়াদি উপজেলার আচমিতা ইউনিয়নে জর্জ ইনস্টিটিউট মিনি স্টেডিয়ামে জাতীয় মৎস্য পক্ষ-২০২৬-এর উদ্বোধনসহ বেশ কয়েকটি কর্মসূচিতে অংশ নেবেন প্রধানমন্ত্রী।’
সরকার প্রধান হিসেবে দায়িত্ব নেওয়ার পর কিশোরগঞ্জে এটি প্রধানমন্ত্রীর প্রথম সফর।
মৎস্য ও প্রাণী সম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাহ উদ্দিন টুকু জানান, প্রধানমন্ত্রী রোববার কিশোরগঞ্জ থেকে জাতীয় মৎস্য পক্ষ-২০২৬-এর আনুষ্ঠানিক উদ্বোধন করবেন। এবারে এই দিবসটি প্রতিপাদ্য বিষয় হচ্ছে, ‘রুপালি মৎসে স্বনির্ভর দেশ, সবার আগে বাংলাদেশ’।
প্রধানমন্ত্রীর কর্মসূচি : সকাল সাড়ে ১১টায় পাকুন্দিয়ার মির্জাপুর চেয়ারম্যান বাড়ি ঘাট এলাকায় ব্রক্ষপুত্র নদে মাছের পোনা অবমুক্তকরণ, বিতরণ, শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠান, সাড়ে ১২টায় কটিয়াদি কার্ড হ্যাচারি কমপ্লেক্স পরিদর্শন, ১টায় আচমিতা জর্জ ইন্সটিটিউশন মাঠে জাতীয় মৎস্য পক্ষ দিবসের উদ্বোধনী অনুষ্ঠান ও জাতীয় মৎস্য পদক পুরস্কার বিতরণী অনুষ্ঠান, আড়াইটায় শোলাকিয়া ঈদগাহ মাঠে বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন।
বিকেল ৩টা ১৫ মিনিটে সার্কিট হাউজে মধ্যাহ্ন ভোজ এবং ৪টায় পুরাতন কিশোরগঞ্জ স্টেডিয়ামে ফ্যামিলি কার্ড বিতরণ এবং ইমাম-মুয়াজ্জিন-পুরোহিত-ভিক্ষু-পাদ্রীসহ বিভিন্ন ধর্মীয় ব্যক্তিদের সন্মানি প্রদানের অনুষ্ঠানে যোগদান।
অতিরিক্ত প্রেস সচিব বলেন, ‘প্রধানমন্ত্রী দিনব্যাপী কর্মসূচি শেষে সড়কপথে কিশোরগঞ্জ থেকে ঢাকায় ফিরবেন।’

বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)