ছেলের মারধরে বাবার মৃত্যু!
চট্টগ্রামের বাঁশখালীতে পারিবারিক কলহের জেরে ছেলের মারধরে মো. শাহজাহান (৫৫) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। শাহজাহান তার স্ত্রী ও মেয়েকে মারধর করায় ক্ষুব্ধ হয়ে ছেলে শওকত তার বাবাকে আঘাত করে। এতে গুরুতর আহত শাহজাহানকে হাসপাতালে ভর্তি করা হয়। আজ মঙ্গলবার (১১ আগস্ট) বিকেলে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
গতকাল সোমবার রাতে উপজেলার কালীপুর ইউনিয়নের নিদা গাজী বাড়িতে ছেলে মো. শওকতের মারধরে গুরুতর আহত হন মো. শাহাজাহান।
স্থানীয়রা জানায়, পারিবারিক কলহের জেরে শাহাজাহান তার স্ত্রী ও মেয়েকে মারধর করলে ক্ষুব্ধ হয়ে ছেলে শওকত শুকনো গাছের ডাল দিয়ে বাবাকে আঘাত করেন। এতে তার মাথায় গুরুতর জখম হয়। পরে শওকত নিজেই তাকে চমেক হাসপাতালে নিয়ে যান।
এলাকাবাসীর দাবি, শওকতের বিয়ে নিয়ে পরিবারে দীর্ঘদিন ধরে ঝগড়া চলছিল।
কালীপুর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান আবুল কালাম বলেন, বাবা-ছেলের বাগবিতণ্ডা থেকেই ঘটনার সূত্রপাত।
বাঁশখালী থানার পরিদর্শক (তদন্ত) সুধাংশু শেখর হালদার বলেন, পারিবারিক দ্বন্দ্বের ঘটনায় আহত শাহজাহান চমেক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। এ ঘটনায় তার ছেলে শওকতকে গ্রেপ্তারের প্রক্রিয়া চলছে।

শহীদুল ইসলাম বাবর, দক্ষিণ চট্টগ্রাম