ওঝার কাছে নিয়ে সময়ক্ষেপণ, সাপের কামড়ে মাদ্রাসাছাত্রের মৃত্যু
ঝিনাইদহে ঘুমন্ত অবস্থায় সাপের কামড়ে আরাফাত হোসেন (১৪) নামে এক মাদ্রাসাছাত্রের মৃত্যু হয়েছে। গতকাল সোমবার (১০ আগস্ট) রাতে সদর উপজেলার ঘোড়শাল ইউনিয়নের তালতলা পাড়ায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত আরাফাত ওই গ্রামের হান্নান মুসল্লির ছেলে এবং স্থানীয় ঘোড়শাল মাদ্রাসার ষষ্ঠ শ্রেণির ছাত্র ছিল।
নিহতের স্বজন ও স্থানীয় সূত্রে জানা গেছে, রাতে নিজ ঘরে ঘুমিয়ে থাকা অবস্থায় আনুমানিক সাড়ে ১১টার দিকে বিষধর সাপ আরাফাতকে কামড় দেয়। বিষয়টি টের পেয়ে পরিবারের লোকজন তাকে দ্রুত হাসপাতালে না নিয়ে প্রথমে এক স্থানীয় ওঝার কাছে নিয়ে যান। সেখান থেকে বাড়ি ফিরিয়ে আনার পর রাত ৩টার দিকে আরাফাতের শারীরিক অবস্থার অবনতি ঘটে। পরবর্তীতে পরিবারের সদস্যরা তাকে নিয়ে ঝিনাইদহ ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের উদ্দেশে রওনা হলেও পথিমধ্যেই তার মৃত্যু হয়।
ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসাদউজ্জামান বলেন, বিষয়টি নিয়ে প্রয়োজনীয় খোঁজখবর নেওয়া হচ্ছে এবং আইনগত প্রক্রিয়া সম্পন্ন শেষে এ বিষয়ে একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হবে।

মনজুরুল আহসান, ঝিনাইদহ (সদর-কালীগঞ্জ-কোটচাঁদপুর)