রাজধানীতে ট্রেনের ধাক্কায় তরুণের মৃত্যু
প্রতীকি ছবি
রাজধানীর মহাখালীর পাগলার পোল এলাকায় রেললাইন পার হওয়ার সময় ট্রেনের ধাক্কায় এক তরুণ প্রাণ হারিয়েছেন।
আজ শনিবার (৮ আগস্ট) সকাল সাড়ে ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটে। পরে গুরুতর আহত অবস্থায় ওই তরুণকে উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতাল হয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক সাড়ে ১১টার দিকে তাকে মৃত ঘোষণা করেন।
নিহত তরুণের নাম মো. ইমরান (১৮)। তিনি ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলার কামারপুকুর গ্রামের পার্থ মিয়ার ছেলে। তিনি মহাখালীতে থাকতেন।
এ বিষয়ে হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. ফারুক জানান, মরদেহ জরুরি বিভাগের মর্গে রাখা আছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে জানানো হয়েছে।

নিজস্ব প্রতিবেদক