ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৬০ জন
রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪৬০ জনকে গ্রেপ্তার ও ২৫টি মামলা দায়ের করা হয়েছে।
রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে মাদকদ্রব্য উদ্ধারসহ তাদেরকে গ্রেপ্তার করা হয়।
ঢাকা মেট্রোপলিটন পুলিশের মিডিয়া ও পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপকমিশনার নিয়াজ মেহেদী আজ সোমবার (২৭ জুলাই) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন।
এতে বলা হয়, গ্রেপ্তারকৃতদের মধ্যে ডিএমপির রমনা বিভাগ ৩২ জন, লালবাগ বিভাগ ২৯, ওয়ারী বিভাগ ৫০, মতিঝিল বিভাগ ৭৯, তেজগাঁও বিভাগ ৬১, মিরপুর বিভাগ ৯৯, গুলশান বিভাগ ৪৫, উত্তরা বিভাগ ৬১ ও গোয়েন্দা বিভাগ চারজন গ্রেপ্তার করে।
এ সময় গ্রেপ্তারকৃতদের কাছ থেকে ২ কেজি ২৮০ গ্রাম গাঁজা, ১ হাজার ১২৭ পিস ইয়াবা, একটি মোটরসাইকেল, নয়টি মোবাইল ফোন সেট, তিনটি চাকু, একটি কাচি ও একজন ভুক্তভোগীকে উদ্ধার করা হয়।
গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানায় ডিএমপি।

বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)