মেয়াদোত্তীর্ণ টিসিবির ডিলারশিপ নবায়নের দাবিতে আমরণ অনশন
জেলা প্রশাসকের তদন্ত রিপোর্ট অনুযায়ী টিসিবির সঙ্গে ২০২৫ ও ২০২৬ সালের ডিলারদের মেয়াদোত্তীর্ণ চুক্তি নবায়নের দাবিতে আমরণ অনশন কর্মসূচি পালন করছেন ডিলাররা।
আজ বৃহস্পতিবার (২৩ জুলাই) রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের সামনে দ্বিতীয় দিনের মতো এ অনশন চলছে। গতকাল বুধবার এ কর্মসূচি শুরু করেন ডিলাররা।
অনশনরত ডিলাররা জানান, জেলা প্রশাসকের তদন্ত রিপোর্ট অনুযায়ী অবিলম্বে ২০২৫ ও ২০২৬ এর নবায়নযোগ্য টিসিবি ডিলারদের সঙ্গে চুক্তি নবায়নের দাবিতে আমরা দীর্ঘদিন শান্তিপূর্ণ উপায়ে আন্দোলন করে আসছি। আমরা প্রধানমন্ত্রী, বাণিজ্যমন্ত্রী, জেলা প্রশাসক এবং টিসিবি (ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ) চেয়ারম্যান বরাবর স্মারকলিপি দিয়েছি। এ বিষয়ে বাণিজ্যমন্ত্রীর মৌখিক আশ্বাসের পরও কর্তৃপক্ষ আমাদের দাবি বাস্তবায়নে কোনো কার্যকর পদক্ষেপ গ্রহণ করেনি।
ডিলাররা অনশন কর্মসূচিতে তাদের দুটি দাবি তুলে ধরেন— (১) ২০২৫ ও ২০২৬ সালের মেয়াদোত্তীর্ণ টিসিবি ডিলারদের নবায়ন। (২) কোনো ডিলারের বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ থাকলে নীতিমালা অনুযায়ী কারণ দর্শানোর সুযোগ, তদন্ত ও আত্মপক্ষ সমর্থনের সুযোগ নিশ্চিত করা।
তারা দ্রুত ডিলারদের সঙ্গে টিসিবির চুক্তি নবায়নের দাবি জানান এবং দাবি না মানা পর্যন্ত অনশন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন।

এনটিভি অনলাইন ডেস্ক