সাবেক ভূমিমন্ত্রীর ফ্ল্যাটে অভিযান, যা পাওয়া গেল
পলাতক সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদের রাজধানীর গুলশানের বিলাসবহুল দুটি ফ্ল্যাট নিয়ন্ত্রণে নিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। আজ সোমবার (২০ জুলাই) দ্বিতীয় দিনের মতো তার ফ্ল্যাটগুলোতে দুদকের অভিযান।
এর আগে গতকাল (রোববার) গুলশানের এই দুইফ্ল্যাটে অভিযান চালিয়ে বিপুল বিলাসবহুল সামগ্রী উদ্ধার করেছিল সংস্থাটি। এরই ধারাবাহিকতায় আজও অভিযান শুরু করা হয়েছে।
অভিযানের বিষয়টি নিশ্চিত করে দুদকের জনসংযোগ কর্মকর্তা মো. আকতারুল ইসলাম বলেন, দুদকের উপ-পরিচালক মো. মশিউর রহমানের নেতৃত্বে একটি টিম অভিযানের নেতৃত্ব দিচ্ছে। আদালতের নির্দেশনা মেনে আজও ইনভেন্টরি কাজ শুরু করেছে। গতকাল সাবেক ভূমিমন্ত্রীর ফ্ল্যাটে প্রবেশ ও ইনভেন্টরির কার্যক্রমে বিপুল পরিমাণ সম্পদের তথ্য পাওয়া গেছে। অভিযান শেষে বিস্তারিত জানানো হবে।
গতকাল গুলশান-২ নম্বরের ৬৬ নম্বর রোডের বি ব্লকের আলিশান ফ্ল্যাট দুটিতে অভিযান চালায় সংস্থাটি।
দুদক সূত্র জানায়, আনুমানিক সাড়ে ৭ হাজার বর্গফুটের এই ফ্ল্যাট দুটির বাজার মূল্য প্রায় ১৮ কোটি টাকা।
আদালত থেকে ফ্ল্যাট দুটি ক্রোকের আদেশের পর এর তত্ত্বাবধানের দায়িত্ব দুদককে দেওয়া হয়েছিল। ফ্ল্যাট দুটি (এ-৭ ও বি-৭) থেকে এখন পর্যন্ত ৩০০টির বেশি কোট, ৫৩২টি টাই, চারটি রোলেক্সসহ আটটি দামি ঘড়ির বাক্স, তিনটি পার্ল সেট, চারটি ঝাড়বাতি, বিছানা, সোফা এবং ১০০টিরও বেশি কামিজ উদ্ধার করা হয়েছে। এছাড়াও সেখানে একটি মার্সিডিজ বেঞ্জসহ আটটি বিলাসবহুল গাড়ির চাবি ও দুর্নীতির নানা আলামত মিলেছে। তবে অনেক মালামাল আগেই সরিয়ে ফেলা হয়েছে।
দুদকের উপপরিচালক মশিউর রহমান জানান, ফ্ল্যাট দুটি নিয়ন্ত্রণে নেওয়ার পর এখন এর রক্ষণাবেক্ষণের দায়িত্বে থাকবে দুদকের সম্পদ ব্যবস্থাপনা বিভাগ। পরবর্তী সময়ে আদালতের নির্দেশনা অনুযায়ী এই সম্পত্তির বিষয়ে চূড়ান্ত আইনি পদক্ষেপ নেওয়া হবে। আগামীকাল সোমবারও এই ফ্ল্যাটে তল্লাশি অভিযান চালানো হবে।
উল্লেখ্য, সাবেক এই ভূমিমন্ত্রীর বিরুদ্ধে বিশ্বের ৯টি দেশে ১০ হাজার কোটি টাকা অর্থ পাচারের প্রমাণ পাওয়ার পাশাপাশি ইতোমধ্যে ৩০টি মামলায় ৫০০ কোটি টাকা আত্মসাতের তথ্য-প্রমাণ দুদকের হাতে এসেছে।

নিজস্ব প্রতিবেদক