মেহেরপুর সীমান্তে বিজিবির বৃক্ষরোপণ কর্মসূচি
পরিবেশ সংরক্ষণ, সবুজায়ন বৃদ্ধি এবং সীমান্তবর্তী এলাকায় পরিবেশের ভারসাম্য রক্ষার লক্ষ্যে মেহেরপুরের সীমান্ত এলাকায় বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। আজ রোববার (১৯ জুলাই) বেলা ১১টার দিকে সেক্টর সদর দপ্তর কুষ্টিয়া এবং ৪৭ বিজিবি ব্যাটালিয়নের যৌথ উদ্যোগে গাংনী উপজেলার সীমান্তবর্তী তেতুলবাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে এই কর্মসূচির উদ্বোধন করা হয়।
উদ্বোধনী কর্মসূচির অংশ হিসেবে ওই বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে দুই শতাধিক বিভিন্ন প্রজাতির ফলজ ও বনজ গাছের চারা বিতরণ করা হয়। একই সঙ্গে শিক্ষার্থীদের গাছ লাগানো এবং সেগুলোর সঠিক পরিচর্যার গুরুত্ব সম্পর্কে সচেতন ও উদ্বুদ্ধ করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ৪৭ বিজিবি ব্যাটালিয়নের সহকারী পরিচালক নুরুল হুদা। তিনি বলেন, পরিবেশ রক্ষা, জীববৈচিত্র্য সংরক্ষণ এবং আগামী প্রজন্মের জন্য একটি সবুজ বাংলাদেশ গড়ে তুলতেই বিজিবির এই উদ্যোগ। কর্মসূচির আওতায় পর্যায়ক্রমে মেহেরপুর ও কুষ্টিয়ার সীমান্তবর্তী এলাকায় পাঁচ হাজার বিভিন্ন প্রজাতির গাছের চারা রোপণ করা হবে। তিনি আরও বলেন, সীমান্ত এলাকার বাসিন্দা ও শিক্ষার্থীদের সম্পৃক্ত করে এই কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে, যাতে চারা রোপণের পাশাপাশি সেগুলোর সঠিক রক্ষণাবেক্ষণ নিশ্চিত করা যায়।

রেজ আন উল বাসার তাপস, মেহেরপুর