মানিকগঞ্জে রাজ হোটেলকে ভোক্তা অধিকারের জরিমানা, আইসক্রিম কারখানা বন্ধ
অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে খাবার তৈরি ও সংরক্ষণের অভিযোগে মানিকগঞ্জে শহরের একটি হোটেলকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। একই অভিযানে অনুমোদন ছাড়া পরিচালিত একটি আইসক্রিম কারখানার কার্যক্রম বন্ধ করে দেওয়া হয়েছে।
আজ বুধবার (১৫ জুলাই) বিকেলে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের জেলা কার্যালয়ের সহকারী পরিচালক (অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত) আসাদুজ্জামান রুমেল বিষয়টি এনটিভি অনলাইনকে নিশ্চিত করেন।
আসাদুজ্জামান রুমেল জানান, জনস্বাস্থ্য সুরক্ষায় নিয়মিত বাজার তদারকির অংশ হিসেবে সদর ও সিংগাইর এলাকায় অভিযান পরিচালনা করা হয়। অভিযানে দেখা যায়, শহরের প্রাণকেন্দ্রে অবস্থিত ‘রাজ হোটেল’ অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে খাবার প্রস্তুত ও সংরক্ষণ করছে। এছাড়া খাদ্য প্রস্তুত প্রক্রিয়ায় স্বাস্থ্যবিধি অনুসরণ না করায় ভোক্তাদের স্বাস্থ্যঝুঁকিতে ফেলার অভিযোগে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে প্রতিষ্ঠানটিকে ৫০ হাজার টাকা অর্থদণ্ড করা হয়েছে।
আসাদুজ্জামান রুমেল আরও জানান, সিংগাইর উপজেলার ভাগিনা আইসক্রিম কারখানায় পৃথক অভিযানে কারখানার কোনো অনুমোদন বা প্রয়োজনীয় কাগজপত্র না থাকায় সেটির উৎপাদন কার্যক্রম বন্ধ করে দেওয়া হয়। সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে প্রয়োজনীয় অনুমোদন গ্রহণের আগে উৎপাদন কার্যক্রম পরিচালনা না করার নির্দেশ দেওয়া হয়েছে।
আসাদুজ্জামান রুমেল বলেন, জনস্বাস্থ্যের বিষয়ে কোনো ধরনের আপস করা হবে না। অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদন ও সংরক্ষণ কিংবা অনুমোদন ছাড়া খাদ্যপণ্য উৎপাদনের বিরুদ্ধে আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা নেওয়া হবে। ভোক্তাদের নিরাপদ খাদ্য নিশ্চিত ও বাজার তদারকি করতে জেলাজুড়ে এ ধরনের অভিযান নিয়মিত চলবে।

আহমেদ সাব্বির সোহেল, মানিকগঞ্জ