নারায়ণগঞ্জের পোশাক কারখানার গোডাউনে ভয়াবহ আগুন, ৯ ইউনিটের চেষ্টায় নিয়ন্ত্রণে
নারায়ণগঞ্জের আদমজী রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চল (ইপিজেড) এলাকার অনন্ত অ্যাপারেলস লিমিটেডের একটি ফ্যাব্রিক্স গোডাউনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ফায়ার সার্ভিসের ৯টি ইউনিটের প্রায় তিন ঘণ্টার সম্মিলিত চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে।
আজ বুধবার (১৫ জুলাই) ভোর ৪টার দিকে ওই গোডাউনটিতে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে আগুন গোডাউনের বিভিন্ন অংশে ছড়িয়ে পড়লে পুরো শিল্প এলাকায় তীব্র আতঙ্ক সৃষ্টি হয়।
স্থানীয় বাসিন্দা ও কারখানা শ্রমিকদের সূত্রে জানা গেছে, ভোরের দিকে হঠাৎ গোডাউন থেকে কালো ধোঁয়া বের হতে দেখা যায়। কিছুক্ষণের মধ্যেই আগুন পুরো ভবনে ছড়িয়ে পড়ে। গোডাউনে বিপুল পরিমাণ ফ্যাব্রিক্স ও দাহ্য কেমিক্যালজাতীয় উপকরণ থাকায় আগুনের তীব্রতা দ্রুত বৃদ্ধি পায়। এ সময় আগুনের তাপ ও ধোঁয়ার কারণে আশপাশের অন্যান্য কারখানার শ্রমিকদের মধ্যেও আতঙ্ক ছড়িয়ে পড়ে।
খবর পেয়ে প্রথমে আদমজী ইপিজেড ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ শুরু করে। কিন্তু আগুনের ভয়াবহতা বাড়তে থাকায় পর্যায়ক্রমে আশপাশের চারটি ফায়ার স্টেশন থেকে আরও ৮টি ইউনিট নেভানোর কাজে যোগ দেয়। সব মিলিয়ে ৯টি ইউনিটের টানা প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। আগুনে গোডাউনের বিপুল পরিমাণ কাপড় ও অন্যান্য মূল্যবান মালামাল পুড়ে গেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তবে তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির সুনির্দিষ্ট পরিমাণ জানা যায়নি।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের ঢাকা বিভাগের উপপরিচালক মো. ছালেহ উদ্দিন বলেন, প্রায় তিন ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে এসেছে এবং বর্তমানে ডাম্পিং কার্যক্রম চলছে। এ ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। তবে আগুনের কারণে গোডাউনে থাকা বিপুল পরিমাণ কাপড়, কাঁচামাল ও অন্যান্য মালামাল মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। ফায়ার সার্ভিসের আনুষ্ঠানিক তদন্ত শেষে আগুনের প্রকৃত কারণ ও ক্ষয়ক্ষতির সঠিক তথ্য জানা যাবে।

কামরুল ইসলাম, নারায়ণগঞ্জ (সদর-সোনারগাঁ-বন্দর)