পদার্থবিজ্ঞানের দুটি ভুল প্রশ্নে পূর্ণ নম্বর পাবে এইচএসসি পরীক্ষার্থীরা : শিক্ষামন্ত্রী
চলমান এইচএসসি ও সমমান পরীক্ষায় পদার্থবিজ্ঞান বিষয়ের দুটি ভুল প্রশ্নের ক্ষেত্রে শিক্ষার্থীদের পূর্ণ নম্বর দেওয়া হবে। আজ মঙ্গলবার (১৭ জুলাই) জাতীয় সংসদের প্রশ্নোত্তর পর্বে স্বতন্ত্র সংসদ সদস্য রুমিন ফারহানার সম্পূরক প্রশ্নের জবাবে শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন এ কথা বলেন।
এদিন বিকেল ৩টায় ডেপুটি স্পিকার কায়সার কামালের সভাপতিত্বে সংসদের বৈঠক শুরু হয়।
সম্পূরক প্রশ্ন করতে গিয়ে রুমিন ফারহানা বলেন, এইচএসসি পরীক্ষা চলছে। গত তিন-চার দিন ধরে আবহাওয়ার যে অবস্থা, ঢাকা-চট্টগ্রামসহ বড় বড় শহরগুলো পানির নিচে তলিয়ে গিয়েছে। আমাদের শিক্ষার্থীরা অনুরোধ করেছিল পরীক্ষা একটু পেছানোর জন্য, কিন্তু এই সিদ্ধান্ত নেওয়া হয়নি। যে কারণে আজ (মঙ্গলবার) আন্দোলন হচ্ছে, ঢাকায় আন্দোলন হচ্ছে। মন্ত্রীর কাছে প্রশ্ন রাখছি—এইচএসসির মতো একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ পরীক্ষা, যার ওপর নির্ভর করে ছেলে বা মেয়ের ভবিষ্যৎ কোন দিকে যাবে, সেরকম একটি পরীক্ষায়, ফিজিক্সের (পদার্থবিজ্ঞান) মতো গুরুত্বপূর্ণ বিষয়ে। মন্ত্রী কি দয়া করে বলবেন, কী সমস্যা ছিল পরীক্ষাটি একদিন বা দুদিনের জন্য পিছিয়ে দেওয়ার?
জবাবে শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন বলেন, পদর্থবিজ্ঞান বিষয়ের ৬ ও ৭ নম্বর প্রশ্নে ভুল ছিল। আমরা দায়িত্ব পেয়েছি মাত্র চার মাস আগে। প্রশ্নের মডারেশন আগেই সম্পন্ন হয়েছিল। আপনারা জানেন, প্রশ্ন মডারেশনের প্রক্রিয়া দুই বছর আগে থেকে শুরু করতে হয়। আমরা এসে নতুন করে কোনো প্রশ্ন প্রস্তুত করতে পারিনি। বিগত সরকারের সময় যারা মডারেটর ছিলেন, তারাই এই প্রশ্নপত্র প্রস্তুত করেছেন। তবুও আমরা তাৎক্ষণিক ঘোষণা দিয়েছি, পদার্থবিজ্ঞান বিষয়ের দুটি প্রশ্ন (৬ ও ৭) ভুল হয়েছে, সেখানে আমরা পূর্ণ মার্ক দিয়ে দেব।

নিজস্ব প্রতিবেদক