মৌলভীবাজারে বন্যার্তদের পাশে পুলিশ
মৌলভীবাজারে রাজনগরে বন্যার্তদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ এবং বিশেষ মেডিকেল ক্যাম্প পরিচালনা করেছে সিলেট রেঞ্জ পুলিশ। আজ মঙ্গলবার (১৪ জুলাই) সকালে মৌলভীবাজার জেলার রাজনগর উপজেলার টেংরা ইউনিয়নের একামধু বেড়িবাঁধ এলাকায় ত্রাণ সামগ্রী বিতরণ ও মেডিকেল ক্যাম্প পরিদর্শন করেন সিলেট রেঞ্জের ডিআইজি ড. জিল্লুর রহমান।
এ সময় বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে চাল, ডাল, তেল, পেঁয়াজ, লবণ, আলু, চিড়া, মুড়ি, বিস্কুটসহ প্রয়োজনীয় খাদ্যসামগ্রী বিতরণ করা হয়। একই সাথে চিকিৎসা সেবা বঞ্চিত মানুষের জন্য মৌলভীবাজার পুলিশ লাইন্স হাসপাতালের চিকিৎসকদের তত্ত্বাবধানে একটি বিশেষ মেডিকেল ক্যাম্প পরিচালনা করা হয়। ক্যাম্পে বন্যার্তদের প্রয়োজনীয় চিকিৎসাসেবা প্রদান, বিনামূল্যে ওষুধ, ওরস্যালাইন এবং বিশুদ্ধ পানির জন্য পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট বিতরণ করা হয়। বন্যায় পানিবাহিত রোগের প্রাদুর্ভাব ঠেকাতে এই ক্যাম্পটি বন্যা দুর্গতদের জন্য বেশ সহায়ক হয়।
ত্রাণ বিতরণকালে ডিআইজি ড.জিল্লুর রহমান বলেন, বাংলাদেশ পুলিশ সর্বদা জনগণের জানমালের নিরাপত্তার পাশাপাশি যেকোনো দুর্যোগে মানবিক সহায়তা প্রদানে বদ্ধপরিকর। আকস্মিক বন্যায় এই অঞ্চলের মানুষ চরম দুর্ভোগে পড়েছেন। যেকোনো দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানো বাংলাদেশ পুলিশের মানবিক দায়িত্ব। বাংলাদেশ পুলিশ সবসময় সব দুর্যোগে পাশে ছিল এবং থাকবে। সরকারের পাশাপাশি রেঞ্জ পুলিশের এই ক্ষুদ্র প্রয়াস বন্যা কবলিত মানুষের কষ্ট কিছুটা হলেও লাঘব করবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
ত্রাণ বিতরণ ও মেডিকেল ক্যাম্পেইন অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সিলেট রেঞ্জের অতিরিক্ত ডিআইজি মো. আনোয়ারুল হক, পুলিশ সুপার মুহাম্মদ শরিফুল ইসলাম, পুলিশ সুপার আমিনুল ইসলাম, মৌলভীবাজারের পুলিশ সুপার মো. মনিরুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) আসিফ মহিউদ্দীন, অতিরিক্ত সুপার (ক্রাইম অ্যান্ড অপস) নভেল চাকমা, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আবুল খয়েরসহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা ও স্থানীয় জনপ্রতিনিধিরা।

এস এম উমেদ আলী, মৌলভীবাজার