কক্সবাজারে বন্যাদুর্গতদের মধ্যে বিজিবির ত্রাণসামগ্রী বিতরণ
কক্সবাজারের পেকুয়া উপজেলার বন্যাদুর্গত তিনটি গ্রামের পাঁচ শতাধিক অসহায় বানভাসি পরিবারের মাঝে রান্না করা খাবার ও ত্রাণ সামগ্রী বিতরণ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ-বিজিবির নাইক্ষ্যংছড়ি ব্যাটালিয়ন (১১ বিজিবি)।
আজ সোমবার (১৩ জুলাই) দুপুরে নাইক্ষ্যংছড়ি ব্যাটালিয়নের পক্ষ থেকে প্রশাসনিক দায়িত্বপূর্ণ কক্সবাজারের পেকুয়া উপজেলায় নবগঠিত পেকুয়া সদর ইউনিয়নের বলির পাড়া, আবাসন প্রকল্প ও মোরার পাড়া গ্রামের পাঁচ শতাধিক লোককে রান্না করা খাবার এবং ৫১০টি পরিবারের মাঝে ৫১০ প্যাকেট শুকনা খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।
প্রতি প্যাকেট শুকনো খাদ্যসামগ্রীর মধ্যে রয়েছে ৫ কেজি চাল, ২ কেজি আলু, ১ কেজি ডাল, ১ লিটার সয়াবিন তেল, ১ কেজি চিড়া, ৫০০ গ্রাম পেঁয়াজ, ৫০০ গ্রাম গুড়, ৫০০ গ্রাম লবণ, ১০০ গ্রাম হলুদ এবং ১০০ গ্রাম মরিচ।
ত্রাণসামগ্রী বিতরণের পাশাপাশি ড্রোন প্রযুক্তির মাধ্যমে বন্যাদুর্গত এলাকার পরিস্থিতিও পর্যবেক্ষণ করা হচ্ছে।
এ ব্যাপারে নাইক্ষ্যংছড়ি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. ফয়জুল কবির বলেন, সীমান্ত সুরক্ষার দায়িত্ব পালনের পাশাপাশি দেশের যেকোনো দুর্যোগ ও মানবিক সংকটে মানুষের পাশে দাঁড়ানো বিজিবির অন্যতম দায়িত্ব। দুর্যোগ মোকাবিলায় নাইক্ষ্যংছড়ি ব্যাটালিয়ন সর্বোচ্চ পেশাদারিত্ব, আন্তরিকতা ও মানবিক দায়বদ্ধতার সাথে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। পরিস্থিতি সম্পূর্ণ স্বাভাবিক না হওয়া পর্যন্ত বন্যাদুর্গত মানুষের জীবন, নিরাপত্তা ও কল্যাণ নিশ্চিত করতে বিজিবির উদ্ধার, ত্রাণ ও মানবিক সহায়তা কার্যক্রম অব্যাহত থাকবে।

নিজস্ব প্রতিবেদক