অগ্নিকাণ্ডে ছাত্রদলনেতার বসতঘর পুড়ে ছাই
খাগড়াছড়ির দীঘিনালা উপজেলার কবাখালী ইউনিয়নের মুসলিমপাড়া এলাকায় অগ্নিকাণ্ডে দীঘিনালা উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মো. লোকমান হোসেনের বসতঘর সম্পূর্ণ পুড়ে গেছে। এতে প্রায় ১০ থেকে ১৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেছে ক্ষতিগ্রস্ত পরিবারটি। গতকাল রোববার (১২ জুলাই) রাত ১২টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, রাতে হঠাৎ লোকমান হোসেনের বসতঘরে আগুন জ্বলতে দেখে স্থানীয়রা ছুটে আসেন এবং নিজস্ব উদ্যোগে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চালান। পরে খবর পেয়ে দীঘিনালা ফায়ার সার্ভিসের একটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহায়তায় আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনে। তবে ফায়ার সার্ভিস পৌঁছানোর আগেই কাঠের তৈরি বসতঘরটি সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে যায়।
ক্ষতিগ্রস্ত লোকমান হোসেন বলেন, গভীর রাতে আগুন লাগায় তারা ঘরের কোনো জিনিসপত্রই বের করতে পারেননি। আগুনে ঘরের মূল্যবান আসবাবপত্র, নগদ অর্থ, পরিধেয় বস্ত্র ও প্রয়োজনীয় সমস্ত মালামাল পুড়ে ছাই হয়ে গেছে। এতে তারা একেবারে নিঃস্ব হয়ে পড়েছেন।
দীঘিনালা ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার রূপক কান্তি সরকার বলেন, সংবাদ পেয়ে আমাদের টিম দ্রুত ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। প্রাথমিকভাবে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকেই এই আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করা হচ্ছে। তবে তদন্ত সাপেক্ষে অগ্নিকাণ্ডের প্রকৃত কারণ ও ক্ষয়ক্ষতির সঠিক পরিমাণ নিশ্চিত করা সম্ভব হবে।

আবু তাহের মুহাম্মদ, খাগড়াছড়ি