স্বামী-স্ত্রীর মরদেহ উদ্ধার, অনলাইন জুয়াড়ি ছেলেকে জিজ্ঞাসাবাদ
নওগাঁর মহাদেবপুরে নিজ বাড়ি থেকে এক দম্পতির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ সোমবার (১৩ জুলাই) সকালে মহাদেবপুর উপজেলার সফাপুর ইউনিয়নের পাহাড়পুর এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় পুলিশ অনলাইন জুয়াড়ি ছেলেকে থানায় নিয়ে জিজ্ঞাসাবাদ করছে ।
মহাদেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওমর ফারুক এ তথ্য নিশ্চিত করেছেন।
নিহতরা হলেন- পাহাড়পুর গ্রামের লোকমান মন্ডল (৫৫) ও তার স্ত্রী দেলোয়ারা বেগম (৪৫)।
স্থানীয়রা জানায়, গতকাল রোববার রাতের খাবার খেয়ে যথারীতি দুজনে ঘরে ঘুমাতে যান। আজ ভোর ৪টার দিকে তাদের ছেলে মুক্তার হোসেন প্রতিবেশীদের ডেকে এনে ঘরের খাটের ওপর মা-বাবার মরদেহ দেখায়।
স্থানীয় বাসিন্দা ও পুলিশের দাবি, ছেলে মুক্তার হোসেন মাদক ও মোবাইল ফোনে অনলাইন জুয়ায় আসক্ত। নেশা ও জুয়া খেলার জন্য মা-বাবার কাছে টাকা চেয়ে না পেয়ে সে বিষাক্ত কিছু খাইয়ে এই হত্যাকাণ্ড ঘটিয়ে থাকতে পারে।
ওসি ওমর ফারুক বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নওগাঁ সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বিষাক্ত কোনো কিছু সেবনের মাধ্যমে তাদের মৃত্যু হয়েছে। তবে ময়নাতদন্তের রিপোর্ট পেলে মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে।
ওসি আরও বলেন, নেশা আর অনলাইন জুয়া খেলার টাকা না পেয়ে ইতোপূর্বে ছেলে মুক্তার হোসেন তার মা-বাবাকে দেখে নেওয়ার হুমকি দিয়েছিল বলে জানা গেছে। এলাকাবাসীর দেওয়া তথ্য মতে, দীর্ঘদিন ধরেই ছেলের সঙ্গে মা-বাবার আর্থিক বিষয় নিয়ে বিরোধ চলে আসছিল। সার্বিক তথ্য-উপাত্ত বিশ্লেষণ করে ধারণা করা হচ্ছে, এটি কোনো স্বাভাবিক বা রহস্যজনক মৃত্যু নয়, বরং একটি পরিকল্পিত হত্যাকাণ্ড হতে পারে।
ওসি জানান, এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর (ইউডি) মামলা নেওয়া হয়েছে।

আসাদুর রহমান জয়, নওগাঁ
মিঠু হাসান, নওগাঁ (বদলগাছী-মহাদেবপুর)