টানা ভারি বর্ষণে ভাসছে কুমিল্লা, কোমরসমান পানি
রাতভর টানা ভারি বৃষ্টিতে কার্যত অচল হয়ে পড়েছে কুমিল্লা নগরী। মাত্র তিন ঘণ্টায় ১০৭ মিলিমিটার বৃষ্টিপাতেই তলিয়ে গেছে নগরীর প্রধান সড়ক, অলিগলি ও আবাসিক এলাকা। কোথাও হাঁটুসমান, কোথাও কোমরসমান পানি জমে ভয়াবহ জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। এতে বাসাবাড়িতে পানি ঢুকে পড়ায় হাজারো মানুষ চরম দুর্ভোগে পড়েছেন। সবচেয়ে বেশি বিপাকে পড়েছেন নিম্ন আয়ের পরিবার, দিনমজুর ও কর্মজীবীরা।
আজ সোমবার (১৩ জুলাই) ভোর থেকে শুরু হওয়া ভারি বর্ষণে সকালেই নগরীর অধিকাংশ সড়ক পানির নিচে চলে যায়। ফলে যান চলাচল মারাত্মকভাবে ব্যাহত হয়। কর্মস্থলে যেতে সীমাহীন ভোগান্তিতে পড়েন চাকরিজীবীরা। কাকভেজা অবস্থায় স্কুল-কলেজে যেতে দেখা যায় শিক্ষার্থীদের। অনেক অভিভাবক সন্তানদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেন।
এইচএসসি পরীক্ষার্থী উম্মে কুলসুম বলেন, পরীক্ষাকেন্দ্রে পৌঁছাতে বাসা থেকে এক ঘণ্টা আগে বের হলেও কলেজে প্রবেশের আগেই তার জামাকাপড় ভিজে যায়। শহরের কোনো সড়কই শুকনো নেই, সবই পানির নিচে।
এদিকে ছেলেকে জিলা স্কুলে পৌঁছে দিতে গিয়ে জলাবদ্ধতার মধ্যে একটি ব্যক্তিগত গাড়ি বিকল হয়ে পড়ার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।
নগরীর ঠাকুরপাড়া এলাকার বাসিন্দা আমির হোসেন বলেন, তার ঘরে হাঁটুসমান পানি জমেছে। চলতি বর্ষা মৌসুমে এটি তৃতীয়বারের মতো তার বাসায় পানি ঢুকল।
সবচেয়ে বেশি জলাবদ্ধতা দেখা গেছে নগরীর জিলা স্কুল সড়ক, পুলিশ লাইনস, রেসকোর্স, চর্থা, ঠাকুরপাড়া, বিসিক শিল্পনগরী, গোবিন্দপুর, মুরাদপুর এবং শহরতলীর ছায়াবিতান এলাকায়। বিভিন্ন বাসাবাড়ি, ব্যবসা প্রতিষ্ঠান ও নিচু স্থাপনায় পানি ঢুকে পড়েছে। অনেক স্থানে ড্রেন উপচে ময়লা-আবর্জনাযুক্ত পানি সড়কে ছড়িয়ে পড়ায় জনদুর্ভোগ আরও বেড়েছে। এদিকে জলাবদ্ধতার সুযোগে রিকশা ও ব্যাটারিচালিত অটোরিকশার ভাড়া দ্বিগুণ পর্যন্ত বাড়িয়ে দিয়েছেন চালকরা।
পরিস্থিতি মোকাবিলায় নগরীর বিভিন্ন এলাকা পরিদর্শন করেন সিটি করপোরেশনের প্রশাসক ইউসুফ মোল্লা টিপু এবং প্রধান নির্বাহী কর্মকর্তা মো. মামুন। তারা জলাবদ্ধতা নিরসনে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন।
কুমিল্লা আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা সৈয়দ আরিফুর রহমান বলেন, গত ২৪ ঘণ্টায় জেলায় ১৩৮ দশমিক ২ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। এর মধ্যে সোমবার ভোর থেকে সকাল ৯টা পর্যন্ত মাত্র তিন ঘণ্টায় রেকর্ড হয়েছে ১০৭ মিলিমিটার বৃষ্টি। দিনভর আরও ভারি বর্ষণের সম্ভাবনা রয়েছে।

মাহফুজ নান্টু, কুমিল্লা