ঘাতক ট্রাক কেড়ে নিল দুই শিশুসহ মা ও ভ্যানচালকের প্রাণ
নীলফামারীর ডোমার উপজেলার পাঙ্গা মটুকপুর-নদীয়া এলাকায় সড়ক দুর্ঘটনায় একই পরিবারের তিনজনসহ মোট চারজন নিহত হয়েছেন। আজ রোববার (১২ জুলাই) বিকেল ৪টার দিকে ডোমার-জলঢাকা সড়কে এই দুর্ঘটনা ঘটে।
পুলিশ জানায়, বিকেলে ডোমার-জলঢাকা আঞ্চলিক সড়কে দ্রুতগতির একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী মিথিলা ভ্যানকে চাপা দেয়। এতে ভ্যানটি দুমড়ে-মুচড়ে যায় এবং ঘটনাস্থলেই একই পরিবারের তিনজনসহ ভ্যানচালক নিহত হন। পরে স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় আরও দুজনকে উদ্ধার করে ডোমার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। পরে উন্নত চিকিৎসার জন্য একজনকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়।
নিহত ব্যক্তিরা হলেন নাদিয়াপাড়ার ভ্যানচালক অলি বর্মণের ছেলে পরিমল বর্মণ (৪০), একই এলাকার প্রদীপ বর্মণের স্ত্রী প্রতিমা রানী (২৮), দুই ছেলে পিতোসা (৮) ও যাদব (৪)।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের দায়িত্বরত চিকিৎসক ডা. মাহমুদুল হাসান জানান, স্বাস্থ্য কমপ্লেক্সে চারজনকে মৃত অবস্থায় নিয়ে আসা হয়। আর একজনকে গুরুতর আহত অবস্থায় উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে ডোমার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাবিবুল্লাহ বলেন, মরদেহ উদ্ধার করে আইনি প্রক্রিয়া সম্পন্ন করে পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

ইয়াছিন মোহাম্মদ সিথুন, নীলফামারী