ঝাঁকুনির ক্ষোভে কিশোর অটোরিকশাচালককে হত্যা, গ্রেপ্তার যাত্রী
সড়কের খানাখন্দে ঝাঁকুনিতে অটোরিকশার ভেতরে পড়ে গিয়ে ক্ষিপ্ত হয়ে ওঠেন এক যাত্রী। সেই ক্ষোভের জেরে সড়কের পাশে কাদায় নাক-মুখ চেপে হত্যা করা হয় ১৬ বছরের ব্যাটারিচালিত অটোরিকশাচালক সাকিবুল ইসলামকে। চাঞ্চল্য সৃষ্টি করা এ হত্যাকাণ্ডের রহস্য উদ্ঘাটনের দাবি করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে যাত্রী আসাদুজ্জামান ওরফে আসাদকে (৩৪) গ্রেপ্তার করা হয়েছে।
মানিকগঞ্জে পিবিআই কার্যালয়ে বৃহস্পতিবার (৯ জুলাই) সংবাদ সম্মেলনে জেলা পিবিআইয়ের পুলিশ সুপার জয়িতা শিল্পী এ তথ্য জানান।
নিহত সাকিবুল ইসলাম মানিকগঞ্জ সদর উপজেলার মিতরা গ্রামের রহমত আলীর ছেলে। গ্রেপ্তার আসাদের বাড়ি একই উপজেলার বরুন্ডি এলাকায়। তিনি সাভারের হেমায়েতপুরে একটি খাবার হোটেলে সহকারী ব্যবস্থাপক হিসেবে কর্মরত ছিলেন।
পিবিআই জানায়, সাকিবুলের বাবা কয়েকদিন ধরে জ্বরে আক্রান্ত থাকায় গত ৩০ জুন বিকেলে বাবার ব্যাটারিচালিত অটোরিকশা নিয়ে যাত্রী পরিবহণে বের হয় সে। এরপর আর বাড়ি ফেরেনি। পরদিন সকালে সিঙ্গাইর উপজেলার গোলাই নতুনপাড়া এলাকার একটি পাটখেত থেকে সাকিবুলের মরদেহ এবং পাশেই অটোরিকশাটি উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় ২ জুলাই নিহতের বাবা অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করে সিঙ্গাইর থানায় হত্যা মামলা করেন। পরে মামলাটির তদন্তভার পায় পিবিআই।
সংবাদ সম্মেলনে পুলিশ সুপার জয়িতা শিল্পী বলেন, তদন্তে সিসিটিভি ফুটেজ, তথ্যপ্রযুক্তি ও অন্যান্য আলামত বিশ্লেষণ করে বুধবার সন্ধ্যায় সাভারের দক্ষিণ যাদুরচর এলাকা থেকে আসাদকে গ্রেপ্তার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি হত্যাকাণ্ডে জড়িত থাকার কথা স্বীকার করেছেন।
পিবিআইর ভাষ্য অনুযায়ী, ঘটনার দিন বৃষ্টির কারণে মিতরা স্ট্যান্ডে আটকে পড়েন আসাদ। পরে সাকিবুলের অটোরিকশা ভাড়া করে গোলাইডাঙ্গা যাওয়ার জন্য ২০০ টাকায় চুক্তি করেন। পথে ভাঙাচোরা সড়কে অটোরিকশা ঝাঁকুনি দিলে তিনি চালককে ধীরে চালানোর কথা বলেন। একপর্যায়ে তীব্র ঝাঁকুনিতে তিনি আসন থেকে পড়ে গেলে ক্ষিপ্ত হয়ে ওঠেন। পরে সড়কের পাশে কাদার মধ্যে সাকিবুলকে ফেলে নাক-মুখ চেপে ধরে হত্যা করে পালিয়ে যান বলে পিবিআই দাবি করেছে।
মামলার তদন্ত কর্মকর্তা পিবিআইয়ের উপপরিদর্শক (এসআই) মো. রবিউল ইসলাম জানান, সিসিটিভি ফুটেজের মাধ্যমে প্রথমে সন্দেহভাজন যাত্রীকে শনাক্ত করা হয়। এরপর ধারাবাহিক তদন্ত ও তথ্যপ্রযুক্তির সহায়তায় তাকে গ্রেপ্তার করা হয়। আজ বৃহস্পতিবার দুপুরে আসাদকে আদালতে হাজির করা হয়েছে।

আহমেদ সাব্বির সোহেল, মানিকগঞ্জ