সাঙ্গু-ডলুর পানি বাঁধ ডিঙিয়ে লোকালয়ে, চট্টগ্রামে বন্যা পরিস্থিতির অবনতি
টানা কয়েক দিনের ভারি বর্ষণ ও পাহাড়ি ঢলে চট্টগ্রামের সাতকানিয়া, লোহাগাড়া ও চন্দনাইশে বন্যা পরিস্থিতির মারাত্মক অবনতি হয়েছে। সাঙ্গু নদী, ডলু নদী ও হাঙ্গর খালের পানি বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হয়ে একাধিক স্থানে বাঁধ ডিঙিয়ে লোকালয়ে ঢুকে পড়েছে। ফলে বিস্তীর্ণ জনপদ প্লাবিত হয়ে লাখো মানুষ পানিবন্দি হয়ে পড়েছেন। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, আগামী কয়েকদিনও বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে। এতে বন্যা আরও ভয়াবহ রূপ নিতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
সরেজমিনে দেখা গেছে, সাতকানিয়ার পুরানগড়, বাজালিয়া, ছদাহা, কেঁওচিয়া, ধর্মপুর, কালিয়াইশ, নলুয়া, আমিলাইশ, চরতি, খাগরিয়া, এওচিয়া, ঢেমশা, পশ্চিম ঢেমশা, সোনাকানিয়াসহ বিস্তীর্ণ এলাকা এবং পৌরসভার একাধিক ওয়ার্ড পানিতে তলিয়ে গেছে। বসতবাড়িতে হাঁটু থেকে কোমর সমান পানি জমেছে। অনেক পরিবার নিরাপদ আশ্রয়ে সরে যেতে বাধ্য হয়েছে। সাতকানিয়া সরকারি কলেজ ক্যাম্পাস হাঁটু সমান পানিতে তলিয়ে গেছে। কলেজের পূর্ব পাশের সড়ক পানির তীব্র স্রোতে ক্ষতিগ্রস্ত হওয়ায় ওই পথে যোগাযোগ বিচ্ছিন্ন রয়েছে। সাতকানিয়া কলেজ রোড ও কেরানীহাট-বান্দরবান সড়কের বিভিন্ন অংশ জলমগ্ন হয়ে পড়েছে। পানি আরও বাড়লে চট্টগ্রাম-বান্দরবান সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হওয়ার আশঙ্কা করছেন স্থানীয়রা।
বন্যার পানি সাতকানিয়া আদালত চত্বরে প্রবেশ করায় বুধবার (৮ জুলাই) যুগ্ম জেলা জজ আদালত ও সাতকানিয়া চৌকি আদালতের বিচারিক কার্যক্রম সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে। আদালতের অতিরিক্ত সরকারি কৌঁসুলি (এডিশনাল জিপি) রাশেদুল ইসলাম জানান, আদালত কক্ষে পানি প্রবেশ করায় স্বাভাবিক বিচারিক কার্যক্রম পরিচালনা সম্ভব হয়নি।
স্থানীয়দের অভিযোগ, পানি দ্রুত বাড়তে থাকায় অনেক এলাকায় বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়েছে। অধিকাংশ নলকূপ ডুবে যাওয়ায় বিশুদ্ধ পানির সংকট দেখা দিয়েছে। অনেক গ্রামে নৌকাই এখন যাতায়াতের একমাত্র মাধ্যম। একই সঙ্গে টানা বর্ষণে পাহাড়ি এলাকায় ভূমিধসের ঝুঁকিও বেড়েছে।
সাতকানিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) খোন্দকার মাহমুদুল হাসান বলেন, উপজেলার প্রায় সব ইউনিয়নই কমবেশি প্লাবিত হয়েছে। আশ্রয়কেন্দ্র প্রস্তুত রাখা হয়েছে, শুকনো খাবারের বরাদ্দ রয়েছে এবং প্রশাসন, জনপ্রতিনিধি ও স্বেচ্ছাসেবীরা সার্বক্ষণিক পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন।
এদিকে, আজ জাতীয় সংসদে পয়েন্ট অব অর্ডারে দাঁড়িয়ে সাতকানিয়া-লোহাগাড়া আসনের সংসদ সদস্য আলহাজ শাহজাহান চৌধুরী বন্যাকবলিত মানুষের দুর্ভোগের চিত্র তুলে ধরে জরুরি ভিত্তিতে ত্রাণ, উদ্ধার, চিকিৎসা সহায়তা এবং ক্ষতিগ্রস্ত বাঁধ ও সড়ক সংস্কারে সরকারের দ্রুত পদক্ষেপ গ্রহণের দাবি জানান। তিনি বলেন, সাঙ্গু ও ডলু নদীর পানি লোকালয়ে প্রবেশ করে হাজারো পরিবারকে পানিবন্দি করেছে। খাদ্য, বিশুদ্ধ পানি ও নিরাপদ আশ্রয়ের সংকট দেখা দিয়েছে। ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়াতে সংশ্লিষ্ট সব মন্ত্রণালয় ও প্রশাসনকে সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানান তিনি।

শহীদুল ইসলাম বাবর, দক্ষিণ চট্টগ্রাম