সোহেল হত্যা মামলায় সাবেক সংসদ সদস্য ওমর ফারুক গ্রেপ্তার
রাজধানীর মোহাম্মদপুর এলাকায় সোহেল রানা নামে এক ব্যক্তিকে হত্যাচেষ্টা মামলায় নওগাঁ-৬ আসনের সাবেক সংসদ সদস্য মো. ওমর ফারুক সুমনকে গ্রেপ্তার দেখানোর নির্দেশ দিয়েছেন আদালত। আজ বুধবার (৮ জুলাই) ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জামশেদ আলম এই আদেশ দেন।
রাষ্ট্রপক্ষের আইনজীবী শামসুদ্দোহা সুমন এ তথ্য নিশ্চিত করে বলেন, গত ৬ জুলাই ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে আজ মামলার তদন্তকর্মকর্তা মোহাম্মদপুর থানার উপ-পরিদর্শক (এসআই) মো. মনিরুজ্জামান আসামিকে হাজির করে গ্রেপ্তার দেখানোর আবেদন করেন। আবেদনের প্রেক্ষিতে বিচারক আজ আসামিকে গ্রেপ্তার দেখানোর জন্য দিন র্নিধারণ করেন। আজ গ্রেপ্তার দেখানোর দিনে আসামিকে আদালতে হাজির করা হয়েছে।
আবেদনে বলা হয়, ২০২৪ সালের ৫ আগস্ট মামলার বাদী ও ভুক্তভোগী মো. সোহেল রানা (৩৮) মোহাম্মদপুর থানাধীন তিন রাস্তার মোড়সংলগ্ন মজুর ভিলার সামনে আন্দোলনে অংশ নেন। এ সময় এজাহারভুক্ত অন্যান্য আসামিরা ছাত্র আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর মারাত্মকভাবে হামলা চালায়। এর ফলে এজাহারভুক্ত আসামিদের ছোড়া গুলি ভুক্তভোগী সোহেল রানার শরীরে লাগে। এরপরে আসামিরা ছাত্র-জনতার ওপর বোমা নিক্ষেপ করে। এতে বাদীসহ অনেকেই গুরুতর রক্তাক্ত জখম হন। ওই ঘটনায় ২০২৫ সালের ১১ জুন মোহাম্মদপুর থানায় হত্যাচেষ্টার অভিযোগ ও বিস্ফোরক আইনে মামলা দায়ের করা হয়।
২০২৫ সালের ৮ সেপ্টেম্বর রাজধানীর একটি এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। এরপর থেকে তিনি কারাগারে আটক রয়েছেন।

আদালত প্রতিবেদক