মাছবোঝাই পিকআপ চাপায় মা-ছেলে নিহত
দিনাজপুরের বীরগঞ্জ উপজেলায় হাইওয়ে সড়কে মাছবোঝাই পিকআপভ্যানের চাপায় এক মা ও তার তিন বছর বয়সী শিশু ছেলে নিহত হয়েছেন। এ ঘটনায় মোটরসাইকেল চালক বাবা আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। আজ মঙ্গলবার (৭ জুলাই) ভোর সাড়ে ৫টার দিকে উপজেলার ভোগনগর ইউনিয়নের পাঁচপীর মোড় এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- পার্শ্ববর্তী কাহারোল উপজেলার মালগ্রাম গ্রামের বাসিন্দা মো. নাজমুল হোসেনের স্ত্রী ফাহিমা আক্তার (২৮) ও তাদের শিশু ছেলে মো. আব্দুল্লাহ (৩)।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ভোরে নাজমুল ইসলাম (৩২) তার স্ত্রী ও সন্তানকে হোমিওপ্যাথিক চিকিৎসক দেখানোর উদ্দেশ্যে মোটরসাইকেলে করে ঠাকুরগাঁও জেলার সদর উপজেলার উত্তর গড়েয়া এলাকার দিকে রওনা দেন। পথিমধ্যে মোটরসাইকেলটি বীরগঞ্জের পাঁচপীর মোড় এলাকায় পৌঁছালে পেছন দিক থেকে আসা একটি দ্রুতগতির মাছবোঝাই পিকআপভ্যান তাদের সজোরে ধাক্কা দেয়। ধাক্কার ফলে চালক নাজমুল ইসলাম সড়কের পাশে ছিটকে পড়ে সামান্য আহত হলেও তার স্ত্রী ও শিশুসন্তান সড়কের ওপর পড়ে যান। এ সময় পিকআপভ্যানটি তাদের শরীরের ওপর দিয়ে চলে গেলে ঘটনাস্থলেই মা ও শিশুর মৃত্যু হয়।
জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর মাধ্যমে হাইওয়ে পুলিশকে অবহিত করা হলে রাত্রিকালীন ডিউটিতে নিয়োজিত পুলিশ সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। পরে পুলিশ ও স্থানীয়রা হতাহতদের উদ্ধার করে বীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মা ও শিশুকে মৃত ঘোষণা করেন। আহত মোটরসাইকেল চালক বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
বীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল ইসলাম বলেন, দুর্ঘটনার পরপরই ঘাতক পিকআপভ্যানটি নিয়ে চালক পালিয়ে গেছে। এই ঘটনায় থানায় একটি মামলা দায়েরসহ আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।

মাসুদ রানা, দিনাজপুর (বীরগঞ্জ-খানসামা)