চাঁদা না পেয়ে গাড়ি পোড়ানোর মামলায় গ্রেপ্তার ৩
মোংলায় চাঁদা না পেয়ে গাড়িতে আগুন দেওয়ার ঘটনায় করা মামলায় তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।
মামলার বিবরণে জানা যায়, উপজেলার বুড়িরডাঙ্গা ইউনিয়নের ভাটারাবাদ গ্রামের বাসিন্দা ও দিগরাজ বাজারের টাইলস ব্যবসায়ী মো. ওহিদুজ্জামানের (৪৬) কাছে বেশ কিছুদিন ধরে ১০ লাখ টাকা চাঁদা দাবি করে আসছিল একই এলাকার মো. কামরুল (৫৩), সোহাগ (৩৫), নাজির শেখ (৪০) ও জুয়েল (২৮)। চাঁদা না দিলে তাকে গাড়ি নিয়ে পথেঘাটে চলতে দেওয়া হবে না বলেও হুমকি দিয়ে আসছিল তারা। ব্যবসায়ী ওহিদুজ্জামান চাঁদা দিতে অস্বীকৃতি জানানোয় তারা ক্ষিপ্ত হয়ে গত ২০ জুন দিবাগত রাত পৌনে ৪টার দিকে ওহিদুজ্জামানে বাড়ির গ্যারেজে থাকা ৩৭ লাখ টাকা মূল্যের প্রাইভেট কারে আগুন ধরিয়ে দেয়। এতে গাড়ির ডান পাশের পিছনের অংশ পুড়ে ক্ষতিগ্রস্ত হয়। এতে গাড়ির ক্ষতি হয় প্রায় সাত লাখ টাকার।
পরবর্তী সময়ে সিসিটিভি ফুটেজ দেখে তাদের শনাক্ত করা হয়। সেই পরিপ্রেক্ষিতে ৪ জুলাই রাতে থানায় কামরুল, সোহাগ, নাজির ও জুয়েলের বিরুদ্ধে মামলা করেন ওহিদুজ্জামান। মামলার পরিপ্রেক্ষিতে ওই রাতেই তাদের আটক করে পুলিশ। পরে আটককৃতদের বাগেরহাট আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠিয়েছে পুলিশ।
মোংলা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আতিকুর রহমান বলেন, গাড়িতে আগুন দেওয়ার ঘটনার মামলায় অভিযুক্তদের গ্রেপ্তার করে জেলহাজতে পাঠানো হয়েছে।

আবু হোসাইন সুমন, মোংলা