নেত্রকোনায় বর্ণিল আয়োজনে এনটিভির প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
২৩ পেরিয়ে ২৪ বছরে পদার্পণ উপলক্ষে বর্ণিল শোভাযাত্রা, আলোচনা সভা ও কেক কাটার মধ্য দিয়ে নেত্রকোনায় দেশের জনপ্রিয় স্যাটেলাইট টেলিভিশন চ্যানেল এনটিভির প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে।
নেত্রকোনা জেলা প্রেসক্লাব হলরুমে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সিনিয়র সাংবাদিক বীর মুক্তিযোদ্ধা হায়দার জাহান চৌধুরী। এনটিভি পরিবারের পক্ষ থেকে স্বাগত বক্তব্য রেখে উপস্থিত সবাইকে শুভেচ্ছা জানান চ্যানেলটির স্টাফ করেসপন্ডেন্ট ভজন দাস। সাংবাদিক হানিফউল্লাহ আকাশের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে কেক কেটে প্রতিষ্ঠাবার্ষিকীর উদ্বোধন করেন জেলা পরিষদ প্রশাসক অ্যাডভোকেট নুরুজ্জামান নুরু।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন পুলিশ সুপার মো. তরিফুল ইসলাম এবং অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ও অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ওয়াহিদুজ্জামান।
অন্যান্যের মধ্যে আরও বক্তব্য দেন সিনিয়র সাংবাদিক শ্যামলেন্দু পাল (ইত্তেফাক), জেলা প্রেসক্লাবের সম্পাদক মাহবুবুল কিবরিয়া চৌধুরী হেলিম (বাংলাভিশন), সাবেক সম্পাদক এম. মুখলেছুর রহমান খান (আরটিভি), নেত্রকোনা পৌর জামায়াতে ইসলামীর নায়েবে আমির ও সাংবাদিক আবুল হোসেন তালুকদার, খেলাফত আন্দোলনের কেন্দ্রীয় সহকারী মহাসচিব মাওলানা গাজী মোহাম্মদ আব্দুর রহীম, লাভলু পাল চৌধুরী (ইন্ডিপেনডেন্ট টেলিভিশন), কামাল হোসাইন (যমুনা টেলিভিশন), পল্লব চক্রবর্তী (প্রথম আলো), আনিসুর রহমান (মাইটিভি), ইবাদ হোসেন (এনটিভি অনলাইন, আটপাড়া-বারহাট্টা-মোহনগঞ্জ) প্রমুখ।
অনুষ্ঠানে জেলার বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের ব্যক্তিবর্গ এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
আলোচনা সভায় বক্তারা এনটিভির বস্তুনিষ্ঠ সংবাদ ও বিনোদনমূলক অনুষ্ঠানের ভূয়সী প্রশংসা করেন। বিশেষ করে বিগত দিনে আলোড়ন সৃষ্টিকারী অনুষ্ঠান ‘ক্লোজআপ ওয়ান’, ‘টিফিনের ফাঁকে’ এবং ‘পিএসপি কোরআনের আলো’র কথা স্মরণ করে তারা চ্যানেলটির উত্তরোত্তর সাফল্য ও সমৃদ্ধি কামনা করেন।

ভজন দাস, নেত্রকোনা