মাগুরায় বর্ণাঢ্য আয়োজনে এনটিভির প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
নানা বর্ণিল ও আনন্দঘন আয়োজনের মধ্য দিয়ে মাগুরায় দেশের অন্যতম জনপ্রিয় স্যাটেলাইট টেলিভিশন চ্যানেল এনটিভির প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে। শুক্রবার (৩ জুলাই) এনটিভির গৌরবময় ২৪ বছরে পদার্পণ উপলক্ষে মাগুরা প্রেসক্লাবের সামনে থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়।
র্যালিটি মাগুরা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে প্রেসক্লাব মিলনায়তনে এক আলোচনা সভায় মিলিত হয়। অনুষ্ঠানে উপস্থিত অতিথিবৃন্দ এনটিভির বস্তুনিষ্ঠ, নিরপেক্ষ ও দায়িত্বশীল সাংবাদিকতা এবং সৃজনশীল অনুষ্ঠানমালার ভূয়সী প্রশংসা করেন।
আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন মাগুরা-১ আসনের সংসদ সদস্য ও জেলা বিএনপির সদস্য সচিব মনোয়ার হোসেন খান। তিনি বলেন, বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন এবং মানসম্মত ও সৃজনশীল অনুষ্ঠান প্রচারের মাধ্যমে এনটিভি শুরু থেকেই দর্শকের জনপ্রিয়তার শীর্ষে অবস্থান করছে। তিনি এনটিভির এই গৌরবময় অতীতকে স্মরণ করে ভবিষ্যতেও তাদের এই সফল অগ্রযাত্রা অব্যাহত রাখার আহ্বান জানান।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মো. আলমগীর হোসেন, খান আমিনুর রহমান পিকুল, জেলা কৃষক দলের সভাপতি রুবায়েত হোসেন খান, জেলা জামায়াতের ভারপ্রাপ্ত নায়েবে আমির অধ্যাপক সাঈদ আহমেদ বাচ্চু, পুলিশ... সুপার মোল্লা আজাদ হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আব্দুল কাদের, মাগুরা প্রেসক্লাবের সভাপতি অধ্যাপক সাইদুর রহমান এবং জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট মিজানুর রহমানসহ জেলার প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার কর্মরত সাংবাদিকবৃন্দ।
স্মরণীয় এই অনুষ্ঠানে বক্তারা এনটিভির দীর্ঘ পথচলার প্রশংসা করে বলেন, চড়াই-উৎরাই পেরিয়ে এনটিভি সবসময় দেশ ও মানুষের কথা বলেছে। আগামী দিনেও প্রতিষ্ঠানটি তাদের নিরপেক্ষতা ও দায়িত্বশীলতার ধারা বজায় রেখে কাজ করে যাবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন। অনুষ্ঠান শেষে আমন্ত্রিত অতিথিরা এনটিভির উত্তরোত্তর সাফল্য ও সমৃদ্ধি কামনা করার পাশাপাশি মাগুরা স্টাফ করেসপন্ডেন্ট শফিকুল ইসলাম শফিককে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানান।

শফিকুল ইসলাম শফিক, মাগুরা