চকবাজারের খাজা মার্কেটে আগুন, নিয়ন্ত্রণে ৬ ইউনিট
রাজধানী ঢাকার চকবাজারের খাজা মার্কেটে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আজ শনিবার (৪ জুলাই) দুপুর ১টা ৩৪ মিনিটে চকবাজারের আশিক টাওয়ার সংলগ্ন খাজা মার্কেটের একটি বহুতল ভবনে এই আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস।
আজ বিকেল ৪টার দিকে ফায়ার সার্ভিসের লিডার শফিকুল ইসলাম এনটিভি অনলাইনকে বলেন, এখনও আগুন নিয়ন্ত্রণে আসেনি। আগুন নিয়ন্ত্রণে ছয়টি ইউনিট কাজ করছে।
ফায়ার সার্ভিস সদর দপ্তর থেকে জানানো হয়েছে, সংবাদ পাওয়ার পরপরই দ্রুততম সময়ে ফায়ার সার্ভিসের গাড়ি দুর্ঘটনাস্থলের উদ্দেশে রওনা হয়। দুপুর ১টা ৪৬ মিনিটে তারা প্রথম ঘটনাস্থলে পৌঁছায়। প্রত্যক্ষদর্শীরা জানান, ওই পাঁচ তলা ভবনের তৃতীয় তলায় অবস্থিত একটি দোকান থেকে হঠাৎ করেই ধোঁয়া ও আগুনের শিখা বের হতে দেখা যায়। মুহূর্তের মধ্যেই আগুন চারদিকে ছড়িয়ে পড়ে।
ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, আগুন লাগার খবর পেয়ে প্রথমে লালবাগ ফায়ার স্টেশনের ২টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। তবে আগুনের তীব্রতা বেশি হওয়ায় পরবর্তীতে সিদ্দিক বাজার ফায়ার স্টেশনের আরও ৪টি ইউনিট ঘটনাস্থলের উদ্দেশে রওয়ানা হয়। বর্তমানে মোট ৬টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনার জন্য আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছে।
তাৎক্ষণিকভাবে আগুন লাগার সঠিক কারণ, ক্ষয়ক্ষতির পরিমাণ কিংবা কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

নিজস্ব প্রতিবেদক