মান্দায় বর্ণাঢ্য আয়োজনে এনটিভির প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
নওগাঁর মান্দায় বর্ণাঢ্য র্যালি, আলোচনা সভা ও কেক কাটাসহ নানা আয়োজনে পালিত হয়েছে দেশের জনপ্রিয় স্যাটেলাইট টেলিভিশন চ্যানেল এনটিভির প্রতিষ্ঠাবার্ষিকী।
গতকাল শুক্রবার বেলা সাড়ে ১১টায় মান্দা উপজেলা পরিষদ হলরুমের সামনে থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ হলরুমে গিয়ে শেষ হয়।
আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন নওগাঁ ৪ (মান্দা) আসনের সংসদ সদস্য ডা. ইকরামুল বারী টিপু।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন এনটিভির মান্দা-নিয়ামতপুর অনলাইন করেসপনডেন্ট ও প্রেস ক্লাব মান্দার সাধারণ সম্পাদক সুলতান আহমেদ।
সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মান্দা উপজেলা নির্বাহী কর্মকর্তা আখতার জাহান সাথী, মান্দা উপজেলা সহকারী কমিশনার নাবিল নওরোজ বৈশাখ, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ইঞ্জিনিয়ার আরিফুল ইসলাম, দৈনিক সমকাল ও দেশ টিভির নওগাঁ জেলা প্রতিনিধি কাজী কামাল হোসেন, মান্দা উপজেলা শ্রমিকদলের সভাপতি মোজাম্মেল হক মুকুল, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম বিদ্যুৎ, সাবেক ছাত্রনেতা নুর বক্স মন্ডল প্রমূখ।
অনুষ্ঠানে প্রেসক্লাব মান্দা, মান্দা উপজেলা মফস্বল সাংবাদিক ইউনিয়ন, মফস্বল সাংবাদিক ফোরামের সদস্য, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ এবং সুধীজনরা অংশ নেন।
বক্তারা এনটিভির ২৪ বছরের পথচলায় নির্ভুল, বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের প্রশংসা করেন। তারা আশা প্রকাশ করেন, এনটিভি ভবিষ্যতেও দেশ ও জাতির কল্যাণে নিরলসভাবে কাজ করবে।

সুলতান আহমেদ, নওগাঁ (মান্দা-নিয়ামতপুর)