ফ্যাসিস্ট সরকারের সময়েও এনটিভি সংবাদ প্রকাশে বস্তুনিষ্ঠতা রক্ষা করেছে : জাহিদুল ইসলাম ধলু
নওগাঁ-৫ (সদর) আসনের সংসদ সদস্য জাহিদুল ইসলাম ধলু বলেছেন, ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের আমলেও এনটিভি সংবাদ প্রকাশের ক্ষেত্রে বস্তুনিষ্ঠতা রক্ষা করেছে। ফ্যাসিস্ট সরকারের নির্যাতন-নিপীড়ন, সংবাদপত্র স্বাধীনতা হরণ, সাংবাদিকদের নির্যাতন, জেল-জুলুমকে উপেক্ষা করে এনটিভি একমাত্র দেশের মানুষের কাছে বস্তুনিষ্ঠ সংবাদ পৌঁছে দিয়েছে। ফ্যাসিস্ট সরকার ১৭ বছর মানুষের কাছে ভরসার একটা স্থান হয়ে উঠেছে এনটিভির নিউজ। নির্যাতন-নিপীড়নের মুখেও এনটিভি বস্তুনিষ্ঠ, সত্য সংবাদ প্রকাশে কখনও পিছুপা হয়নি। যার কারণে এনটিভি এখন সাধারণ মানুষের অন্তরের অন্তস্তলে স্থান করে নিয়েছে।
জাহিদুল ইসলাম ধলু বলেন, বর্তমানে বিএনপি নেতৃত্বাধীন সরকার প্রধানমন্ত্রী তারেক রহমানের দিকনির্দেশনায় দেশ পরিচালনা করছেন। আমি আশা করি আগামীতে দেশের উন্নয়ন অগ্রযাত্রায় এনটিভি আরও উল্লেখযোগ্য ভূমিকা পালন করবে। দেশের উন্নয়নে, মানুষের উন্নয়নে, প্রান্তিক জনগোষ্ঠীর উন্নয়নের তথা সার্বিক উন্নয়নের চিত্র দেশবাসীর সামনে তুলে ধরে এনটিভি মানুষের হৃদয়ের আরও গভীরে স্থান করে নেবে।
আজ শুক্রবার (৩ জুলাই) দুপুরে এনটিভি ২৩ বছর পূর্তি ও ২৪ বছর পদার্পণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য জাহিদুল ইসলাম ধলু এসব কথা বলেন।
বর্ণাঢ্য শোভাযাত্রা, আলোচনা সভা, কেককাটা ও বৃক্ষচারা বিতরণসহ নানা আয়োজনে পালন করা হয়েছে জনপ্রিয় টিভি চ্যানেল এনটিভির ২৩ বছর পূর্তি ও ২৪ বছরে পদার্পণ অনুষ্ঠান।
বেলা ১১ টায় নওগাঁ ফুড প্যালেস রেস্টুরেন্ট মিলনায়তনে অনুষ্ঠিত এনটিভির প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন এনটিভি জেলা প্রতিনিধি আসাদুর রহমান জয়।
বর্ণাঢ্য এ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শফিউল আজম রানা, সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল কাফি তুহিন, জেলা যুবদলের সাবেক আহবায়ক দেওয়ান ফারুক আহমেদ।
অনুষ্ঠানের সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য দেন আমার দেশের জেলা প্রতিনিধি অ্যাডভোকেট আনোয়ার হোসেন, চ্যানেল আইয়ের মোহাম্মদ কায়েস উদ্দিন, কালের কন্ঠের ফরিদুল করিম তরফদার, দৈনিক করতোয়ার নবীর উদ্দিন, যমুনা টিভির শফিক ছোটন, চ্যানেল টুয়েন্টিফোরের হারুন অর রশিদ চৌধুরী, সময় টিভির এম আর রকি, একুশে টিভির এম আর ইসলাম রতন, এসএ টিভির নাসিমুল হক বুলবুলসহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা।
এর আগে জাহিদুল ইসলাম ধলুর নেতৃত্বে এনটিভির বর্ষপূর্তির একটি বর্ণাঢ্য শোভাযাত্রা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

আসাদুর রহমান জয়, নওগাঁ