এনটিভির রিসার্চ টিম গঠন জরুরি : শিশির মনির
সুপ্রিম কোর্টের আইনজীবী শিশির মনির বলেছেন, এনটিভির চিরচেনা স্লোগান ‘সময়ের সাথে আগামীর পথে’র প্রকৃত সার্থকতা ফুটিয়ে তুলতে প্রতিষ্ঠানটিতে একটি শক্তিশালী রিসার্চ টিম গঠন করা অত্যন্ত জরুরি। এটি করা সম্ভব হলে দেশ ও জাতি যেমন উপকৃত হবে, তেমনি এই স্লোগানের মূল উদ্দেশ্যও সফল হবে।
আজ শুক্রবার (৩ জুলাই) সন্ধ্যা ৬টার দিকে রাজধানীর কারওয়ান বাজারে এনটিভির প্রধান কার্যালয়ে আয়োজিত চ্যানেলটির গৌরবময় ২৪ বছরে পদার্পণ ও জন্মদিন উদযাপন অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য দেওয়ার সময় শিশির মনির এই পরামর্শ দেন।
শিশির মনির আরও বলেন, ‘সময়ের সাথে আগামীর পথে’ স্লোগানকে ধারণ করে প্রতিষ্ঠিত হওয়া এনটিভি শুরু থেকেই তাদের বস্তুনিষ্ঠ সাংবাদিকতার ধারা বজায় রাখতে সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছে। তবে শুধু আজকের বা তাৎক্ষণিক সংবাদ পরিবেশনের মধ্যেই সীমাবদ্ধ না থেকে আগামী দিনে কী ঘটতে যাচ্ছে, তা নিয়ে একটি বিশেষায়িত দল বা রিসার্চ টিমের মাধ্যমে সুনিপুণ গবেষণা করে সংবাদ পরিবেশন করা উচিত, যার মাধ্যমে এনটিভি পুরো জাতিকে সঠিক পথ দেখাতে পারবে।
অ্যাডভোকেট শিশির মনির আরও উল্লেখ করেন, বর্তমানে বা আজ কী ঘটছে তা সাধারণ মানুষ অনায়াসেই দেখতে ও জানতে পারছে, কিন্তু ভবিষ্যতে কী হতে যাচ্ছে বা কী হওয়া উচিত তা সবার জানা থাকে না। এনটিভি যদি তাদের নিজস্ব রিসার্চ টিমের মাধ্যমে এই দূরদর্শী কাজ ও ভবিষতের সঠিক দিকনির্দেশনা নির্ধারণ করতে পারে, তবে তা এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করবে এবং এনটিভি সেটি করে দেখাতে সম্পূর্ণ সক্ষম বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন। পরিশেষে তিনি এনটিভি পরিবারের সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও ধন্যবাদ জানান।
এনটিভির কারওয়ান বাজার কার্যালয়ে আয়োজিত এই জমকালো ও বর্ণিল কেক কাটা অনুষ্ঠানে এনটিভির চেয়ারম্যান মোহাম্মদ মোসাদ্দেক আলীর সঙ্গে আরও উপস্থিত ছিলেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী, অ্যাটকোর সভাপতি অঞ্জন চৌধুরী পিন্টু এবং জাতীয় সংসদের হুইপ আসাদুল হাবিব দুলু।
আমন্ত্রিত অতিথিদের মধ্যে আরও অংশ নেন স্থানীয় সংসদ সদস্য সাইফুল আলম খান মিলন, অর্থনীতিবিদ অধ্যাপক ড. মাহবুব উল্লাহ, ঢাকা দক্ষিণ সিটির প্রশাসক আবদুস সালাম, নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুল রহমান মান্না, সুজন সম্পাদক বদিউল আলম মজুমদার, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম, জাতীয় নাগরিক পার্টির সারোয়ার তুষার এবং এবি পার্টির ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ। এ ছাড়া এনটিভি পরিবারের পক্ষে উপস্থিত ছিলেন এনটিভির ভাইস চেয়ারম্যান রোজা আলী, পরিচালক মাহবুবা সুলতানা, ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মো. আশফাক উদ্দিন আহমেদ, পরিচালক নুরুদ্দিন আহমেদসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ এবং এনটিভির বিভিন্ন বিভাগের প্রধান ও সর্বস্তরের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।

নিজস্ব প্রতিবেদক