এনটিভি গণতন্ত্র উত্তরণের বাঁক পরিবর্তনের সময়ের সাক্ষী : তথ্যমন্ত্রী
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের মন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন, এনটিভির ২৪ বছরের যাত্রা বাংলাদেশের গণতন্ত্র উত্তরণের একটি গুরুত্বপূর্ণ বাঁক পরিবর্তনের সময়ের সাক্ষী।
আজ শুক্রবার (৩ জুলাই) রাজধানীর কারওয়ানবাজারে এনটিভির প্রধান কার্যালয়ে কেক কেটে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন অনুষ্ঠানে এ কথা বলেন তথ্যমন্ত্রী।
মন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেন, দুই যুগ ধরে এনটিভি পথ চলেছে। এনটিভির যে আর্কাইভ, এটি বাংলাদেশের একটি গুরুত্বপূর্ণ ইতিহাস। বিশেষ করে স্বাধীনতা যুদ্ধের পরে এই ইতিহাসকে আমরা যদি গবেষণা করতে যখনই যাব, তখন এনটিভির এই দুই যুগের আর্কাইভ হবে একটি গুরুত্বপূর্ণ ইস্যু। এ ছাড়া ২০২৪ সালের জুলাইতে এনটিভির রিপোর্টারদের ভূমিকা অন্যান্য গণমাধ্যমের রিপোর্টারদের তুলনায় অনেক বেশি ও উজ্জ্বল ছিল।
তথ্য ও সম্প্রচার মন্ত্রী বলেন, গণমাধ্যমের ভূমিকা কী হবে—এক লহমার মধ্যে সংযুক্ত করতে পারে এবং জনগণের এমন আবেগ, উদ্বেগ তার একটা দ্রুত সংমিশ্রন দেশে কীরকম পরিবর্তন আনতে পারে এর সর্বশেষ প্রমান হলো ’২৪ এর গণঅঅভ্যুত্থান। এনটিভি সেক্ষেত্রে আলাদা ভূমিকা পালন করেছে। বাকি জীবন ও এনটিভি এই ভূমিকা অব্যাহত রাখবে। এনটিভির চেয়ারম্যান আলহাজ্ব মোহাম্মদ মোসাদ্দেক আলী আমাদের দীর্ঘদিনের পরিচিত, বন্ধু। ভাই-ভাবিসহ পরিবারের সব সদস্যদের অক্লান্ত পরিশ্রম ও ত্যাগ আছে এই প্রতিষ্ঠানকে গড়ে তোলার জন্য। এই প্রতিষ্ঠান শিল্প প্রতিষ্ঠান হিসেবে গড়ে উঠেছে। আবার একই সঙ্গে দেশের মানুষকে লাগাতার একটি সঠিক বার্তার মধ্য দিয়ে, পথ চলার মধ্য দিয়ে, আলোকবর্তিতার মধ্য দিয়ে এনটিভি দায়িত্ব পালন করছে।
এসময় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানটির চেয়ারম্যান মোহাম্মদ মোসাদ্দেক আলী, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী, অ্যাটকোর সভাপতি অঞ্জন চৌধুরী পিন্টু, জাতীয় সংসদের হুইপ আসাদুল হাবিব দুলু, স্থানীয় সংসদ সদস্য সাইফুল আলম খান মিলন, অর্থনীতিবিদ অধ্যাপক ড. মাহবুব উল্লাহ, ঢাকা দক্ষিণ সিটির প্রশাসক আবদুস সালাম, নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুল রহমান মান্না, এনটিভির ভাইস চেয়ারম্যান রোজা আলী, এনটিভির পরিচালক মাহবুবা সুলতানা, ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মো. আশফাক উদ্দিন আহমেদ, পরিচালক নুরুদ্দিন আহমেদ, সুজন সম্পাদক বদিউল আলম মজুমদার, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম, জাতীয় নাগরিক পার্টির সারোয়ার তুষার, এবি পার্টির ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ, আইনজীবী শিশির মনির, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ এবং এনটিভির বিভিন্ন বিভাগের প্রধানসহ এনটিভি পরিবারের সদস্যরা।

নিজস্ব প্রতিবেদক