কেক কেটে বর্ণিল আয়োজনে এনটিভির প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
সাফল্যের ২৪ বছরে পদার্পণ করেছে দেশের অন্যতম জনপ্রিয় বেসরকারি টেলিভিশন চ্যানেল এনটিভি। রাজধানীর কারওয়ানবাজারে এনটিভির প্রধান কার্যালয়ে আজ শুক্রবার (৩ জুলাই) বিকেল ৬টার দিকে কেক কেটে এনটিভির জন্মদিন উদযাপন করা হয়। এসময় উপস্থিত অতিথিরা এনটিভির গৌরবময় অতীত স্মরণ করে তার ভবিষ্যৎ সাফল্য কামনা করেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এনটিভির চেয়ারম্যান মোহাম্মদ মোসাদ্দেক আলী, তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী, অ্যাটকোর সভাপতি অঞ্জন চৌধুরী পিন্টু, জাতীয় সংসদের হুইপ আসাদুল হাবিব দুলু, স্থানীয় সংসদ সদস্য সাইফুল আলম খান মিলন, অর্থনীতিবিদ অধ্যাপক ড. মাহবুব উল্লাহ, ঢাকা দক্ষিণ সিটির প্রশাসক আবদুস সালাম, নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুল রহমান মান্না, এনটিভির ভাইস চেয়ারম্যান রোজা আলী, এনটিভির পরিচালক মাহবুবা সুলতানা, ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মো. আশফাক উদ্দিন আহমেদ, পরিচালক নুরুদ্দিন আহমেদ, সুজন সম্পাদক বদিউল আলম মজুমদার, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম, জাতীয় নাগরিক পার্টির সারোয়ার তুষার, এবি পার্টির ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ, আইনজীবী শিশির মনির, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ এবং এনটিভির বিভিন্ন বিভাগের প্রধানসহ এনটিভি পরিবারের সদস্যরা।
গণতন্ত্র উত্তরণের বাঁক পরিবর্তনের সাক্ষী এনটিভি : তথ্যমন্ত্রী
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের মন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন, এনটিভির ২৪ বছরের যাত্রা বাংলাদেশের গণতন্ত্র উত্তরণের একটি গুরুত্বপূর্ণ বাঁক পরিবর্তনের সময়ের সাক্ষী। দুই যুগ ধরে এনটিভি পথ চলেছে। এনটিভির যে আর্কাইভ, এটি বাংলাদেশের একটি গুরুত্বপূর্ণ ইতিহাস। বিশেষ করে স্বাধীনতা যুদ্ধের পরে এই ইতিহাসকে আমরা যদি গবেষণা করতে যখনই যাব, তখন এনটিভির এই দুই যুগের আর্কাইভ হবে একটি গুরুত্বপূর্ণ ইস্যু। এ ছাড়া ২০২৪ সালের জুলাইতে এনটিভির রিপোর্টারদের ভূমিকা অন্যান্য গণমাধ্যমের রিপোর্টারদের তুলনায় অনেক বেশি ও উজ্জ্বল ছিল।
বস্তুনিষ্ঠ সংবাদ ও যুগোপযোগী অনুষ্ঠানের কারণে এনটিভি জনপ্রিয় : তথ্য প্রতিমন্ত্রী
তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী বলেছেন, সময়ের সাথে আগামীর পথে স্লোগান নিয়ে প্রায় ২৪ বছর আগে এনটিভি তার যাত্রা শুরু করে। বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন এবং যুগোপযোগী প্রোগ্রামের কারণে এনটিভি আজ জনপ্রিয়তা লাভ করেছে। শুধু বাংলাদেশে নয়, বাংলাদেশের বাইরেও আমাদের প্রবাসী বাংলাদেশি যারা আছেন, এনটিভি তাদেরও আস্থা অর্জন করতে সক্ষম হয়েছে।
ইয়াসের খান চৌধুরী বলেন, এনটিভি পরিবারের যারা কলাকুশলী, ম্যানেজমেন্ট আছেন, সবাই প্রতিষ্ঠানটিকে এই পর্যায়ে আনার জন্য কঠোর পরিশ্রম করেছেন, সেজন্য আমি তাদেরকে অভিনন্দন ও শুভেচ্ছা জানাই।
গণতান্ত্রিক পরিবেশ বজায় রাখতে এনটিভি অগ্রণী ভূমিকা পালন করবে : দুলু
দেশে ফ্যাসিবাদ মুক্ত হওয়ার পর বিএনপি নেতা তারেক রহমান বাংলাদেশের গণতান্ত্রিক পরিবেশ বজায় রাখতে নিরলস চেষ্টা করে যাচ্ছেন এবং এই গণতান্ত্রিক পরিবেশ অক্ষুণ্ন রাখতে জনপ্রিয় বেসরকারি টেলিভিশন চ্যানেল এনটিভি অগ্রণী ভূমিকা পালন করবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন জাতীয় সংসদের হুইপ রুহুল কুদ্দুস তালুকদার দুলু।
অনুষ্ঠানে এনটিভিকে শুভেচ্ছা জানিয়ে রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেন, এনটিভির প্রতিষ্ঠাবার্ষিকীতে নাটোরের বনলতা সেন, কাঁচাগোল্লা, রাজা, মহারাজা ও রানীর জেলা তথা সমগ্র নাটোরবাসীর পক্ষ থেকে আমি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি।
আগামীতেও দেশ ও মানুষের কল্যাণে কাজ করবে এনটিভি : মোসাদ্দেক আলী
এনটিভি দেশ ও জনগণের জন্য সবসময়ে সচেষ্ট থাকবে জানিয়ে প্রতিষ্ঠানটির চেয়ারম্যান মোহাম্মদ মোসাদ্দেক আলী বলেছেন, আজকে ২৩ বছর পার হয়ে ২৪ বছরে পদার্পণ করেছে এনটিভি। গত ২৩ বছর এনটিভি যেভাবে কাজ করছে আগামী দিনগুলোতেও দেশ ও দেশের মানুষের কল্যাণে কাজ করবে।
এনটিভির চেয়ারম্যান আরও বলেন, এনটিভির এই অনুষ্ঠানে আসতে পেরে আমি মহান রাব্বুল আল-আমিনের দরবারে শুকরিয়া আদায় করছি। আপনারা জানেন আপনাদের প্রিয় চ্যানেল এনটিভি ‘সময়ের সাথে আগামীর পথে’ স্লোগান দিয়ে শুরু করেছিল। এই চ্যানেলের নাম বলতে গেলে একজনের নাম বলতে হয়। আপনারা জানেন তিনি আমার মাতৃতুল্য দেশনেত্রী বেগম খালেদা জিয়া। আপনারা জেনে থাকবেন সব সময়ে উনি সহযোগিতা করেছেন, শুধু তাই না ব্যক্তিগতভাবেও সহায়তা করেছেন। ১/১১ সরকারের সময় এনটিভি ভবনে আগুন লেগেছিল। সেসময় রাতের বেলায় তিনি নিজে চলে এসেছিলেন গাড়ি নিয়ে। আমাদেরকে উৎসাহী করেছিলেন। এসময় আমি জেলে ছিলাম। আমার কর্মীবাহিনী আর উনার উৎসাহের কারণে একমাসের মধ্যে আবারও এনটিভি চালু করতে পেরেছিলাম। আজ তাঁরই সরকার, তাঁর সুযোগ্য সন্তান তারেক রহমান আছেন। সবার আগে বাংলাদেশ স্লোগান নিয়ে, আমি আমার বক্তৃতাতেও বলেছি এবং আমরাও ধারণ করি, বাংলাদেশ সবার আগে।
এনটিভির কোটি দর্শককে শুভেচ্ছা জানালেন পরিচালক মাহবুবা সুলতানা
জনপ্রিয় টেলিভিশন চ্যানেল এনটিভির পরিচালক মাহবুবা সুলতানা শুভেচ্ছা জানিয়ে বলেছেন, সবাইকে আমার সালাম ও শুভেচ্ছা। এনটিভির জন্মদিনে দেশি-বিদেশি এনটিভির সঙ্গে সম্পৃক্ত যারা আছে, সবাইকে এত প্রতিদ্বন্দ্বিতা, এত প্রতিকূলতার মাঝেও এনটিভিকে যারা আজও জনপ্রিয় ও উজ্জ্বল করে মিডিয়া জগতে ধরে রেখেছেন, সর্বোপরি যাদের সহযোগিতা-পরামর্শ এবং এনটিভির লাখো-কোটি দর্শক শ্রোতা সবাইকে জানাই এনটিভির জন্মদিনের শুভেচ্ছা ও অভিনন্দন।
মাহবুবা সুলতানা বলেন, এনটিভি আমাদের দেশে জনপ্রিয় চ্যানেলের মধ্যে অন্যতম। এই জনপ্রিয়তা ও এ সফলতার হকদার আপনারা সবাই। তবে সবচেয়ে বেশি হকদার তিনি, যিনি এনটিভি নিয়ে কাজ করেন, চিন্তা করেন, গবেষণা করেন, তিনি আর কেউ নন—আমাদের ওয়ান অ্যান্ড অনলি এনটিভির চেয়ারম্যান, অনেক অনেক অভিনন্দন। আমি বিশেষ ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই এনটিভির চেয়ারম্যানকে, আমাকে এ অনুষ্ঠানে ইনভাইট করার জন্য। কারণ অনেকদিন পর যখন আমি এনটিভিতে আসি, বিশেষ ভালোলাগা কাজ করে।
এনটিভির ফুটেজ ট্রাইব্যুনালের বিচারে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে : চিফ প্রসিকিউটর
এনটিভির গৌরবময় অতীত স্মরণ এবং প্রতিষ্ঠানটির ভবিষ্যৎ সাফল্য কামনা করে আর্ন্তজাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম বলেন, এনটিভি বিগত সময়ে অনেক চড়াই উৎরাই পেরিয়ে এখানে এসেছে। শত প্রতিকূলকতা সত্ত্বেও এনটিভি তাদের বস্তুনিষ্ঠতার পরিচয় দিয়ে আসছে।
চিফ প্রসিকিউটর বলেন, ২০২৪ সালে জুলাই আন্দোলনে প্রথম শহীদ আবু সাঈদ হত্যার একমাত্র ফুটেজ ছিল এনটিভির। ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে এনটিভির এ ফুটেজ বিদ্যুতের গতিতে ছড়িয়ে পড়ে। এ ফুটেজ সরকারের ভিত নাড়িয়ে দিয়েছিল। পরবর্তীতে আর্ন্তজাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচারের ক্ষেত্রে এ ফুটেজ সাক্ষ্যপ্রমাণ হিসেবে কাজ করেছে। আমি আশা করব—শুধু এ ফুটেজ নয়, সব ক্ষেত্রে এনটিভি তাদের নিজস্বতা বজায় রেখে বস্তুনিষ্ঠতা ধরে রাখতে সক্ষম হবে।
আবু সাঈদ হত্যাকাণ্ড প্রথম প্রচার করেছিল এনটিভি : সাইফুল আলম খান মিলন
শুভেচ্ছা জানিয়ে জামায়াতে ইসলামীর নির্বাহী পরিষদের সদস্য ও সংসদ সদস্য সাইফুল আলম খান মিলন বলেছেন, এনটিভির ২৪ বছরে পদার্পণের এই সময়টার পেছনে একটা বড় তাৎপর্য রয়েছে। কারণ এই মাসটা জুলাই মাস, আর বর্তমানে সারা দেশে চব্বিশের ঐতিহাসিক জুলাই বিপ্লবকে অত্যন্ত শ্রদ্ধার সঙ্গে স্মরণ করা হচ্ছে।
সাইফুল আলম খান মিলন আরও বলেন, আমরা মনে করি, দীর্ঘ পথযাত্রায় এনটিভির এই পথচলা মোটেও কুসুমাস্তীর্ণ ছিল না। গণমাধ্যম হিসেবে টিকে থাকতে গিয়ে প্রতিষ্ঠানটিকে অনেক চড়াই-উতরাই, ভালো ও মন্দ সময় পার হতে হয়েছে; কিন্তু সব প্রতিকূলতা জয় করে এনটিভি সবসময় বীরদর্পে টিকে ছিল। আমরা দৃঢ়ভাবে আশা করি, এনটিভি ভবিষ্যতেও সত্যের পক্ষে এবং জনগণের কল্যাণে এভাবেই টিকে থাকবে।
খারাপ সময়ের সাথে লড়াই করে এনটিভি যাত্রা অব্যাহত রেখেছে : মান্না
নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না বলেছেন, এনটিভি খারাপ সময়ের সাথে লড়াই করে তাদের যাত্রা অব্যাহত রেখেছে। ভবিষ্যতেও তারা তাদের বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে সেই ভূমিকা রাখবে।
নাগরিক ঐক্যের আহ্বায়ক বলেন, এনটিভির জন্মদিনে সবাইকে শুভেচ্ছা। এনটিভি গত ১৭ বছরে অনেক লড়াই করে টিকেছিল। যেমনটা বলে না সময়ের সাথে আগামীর পথে। এনটিভি খারাপ সময়ের সাথে লড়াই করে তাদের যাত্রা অব্যাহত রেখেছে। আমি মনে করি, এ প্রক্রিয়া অব্যাহত থাকবে। এনটিভি আরও দ্বিগুণ শক্তি নিয়ে তাদের বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে ভূমিকা রাখবে।
এখনো নিজেকে এনটিভির সদস্য মনে করি : অঞ্জন চৌধুরী
অ্যাটকোর সভাপতি অঞ্জন চৌধুরী পিন্টু বলেছেন, একসময়ে আমি এনটিভির সঙ্গে জড়িত ছিলাম। এখনো আমি নিজেকে এনটিভির একজন সদস্য মনে করি।
অ্যাটকো সভাপতি বলেন, এনটিভির চেয়ারম্যান সাহেব ১/১১ এর কথা বলেছেন। তবে তিনি একটি কথা উল্লেখ করেননি। তিনি তখন কারাগারে ছিলেন। সে সময় এনটিভির পরিচালক মাহবুবা সুলতানা শক্তভাবে এনটিভিকে ধরে রেখেছিলেন এবং আমি তাঁর পাশে ছিলাম। সে সময় পরিচালক মাহবুবা সুলতানা এনটিভিকে শক্ত অবস্থানে ধরে রাখতে না পারলে পুনরায় সম্প্রচারে আসতে পারত না। সেসময় কর্মচারী-কর্মকর্তাদের অক্লান্ত পরিশ্রম ছিল। সে সময় অসম্ভবকে সম্ভব করা হয়েছে এবং পরিচালক মাহবুবা সুলতানা নেতৃত্বে ছিলেন।
এনটিভিকে অনেক চড়াই উতরাই পার হতে হয়েছে : ড. মাহবুব উল্লাহ
শিক্ষাবিদ, অর্থনীতিবিদ ও রাজনৈতিক বিশ্লেষক অধ্যাপক ড. মাহবুব উল্লাহ বলেছেন, এনটিভি ২৩ বছর শেষে ২৪ বছরে পা রাখছে। এটা এনটিভির বিরাট সাফল্য। সাফল্য এজন্য বলছি, এনটিভিকে এই ২৩ বছর অনেক চড়াই উতরাই পার হতে হয়েছে। অনেক লড়াই সংগ্রাম করতে হয়েছে, অনেক প্রতিকূল অবস্থার মধ্য দিয়ে যেতে হয়েছে।
ড. মাহবুব উল্লাহ আরও বলেন, আমি বিশ্বাস করি, যেকোনো প্রতিকূল অবস্থার মধ্যে এনটিভি ঐতিহাসিকেভাবে যে সহনক্ষমতা দেখিয়েছে, টিকে থাকার যে ক্ষমতা দেখিয়েছে, ভবিষ্যতেও সে ক্ষমতা বারবার প্রদর্শন করবে।
সবার অবদানকে আমরা কৃতজ্ঞচিত্তে স্মরণ করতে চাই : ব্যারিস্টার ফুয়াদ
আমার বাংলাদেশ পার্টির (এবি পার্টি) সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ বলেছেন, গণমাধ্যমের অনুষ্ঠানে সবাই জাতীয় ব্যক্তিদের দেখেন কিন্তু এই লড়াইয়ের পেছনে যে মানুষগুলো আছেন, এনটিভির দারোয়ান, পিয়ন, যারা বাথরুম পরিষ্কার করেন, চা বানিয়ে দেন, আমাদেরকে মেকাপ করিয়ে দেন, আলো ঠিক করে দেন, এসি ঠিক করে দেন, সে মানুষগুলো হচ্ছে এনটিভির সলিড ফাউন্ডেশনের জায়গা। আজকের এই দিনটাকে ম্যানেজমেন্টকে তো অবশ্যই ধন্যবাদ জানাবে, পাশাপাশি আমাদের সেই প্রান্তিক মানুষটা থেকে চেয়ারম্যান পর্যন্ত সবার অবদানকে আমরা কৃতজ্ঞচিত্তে স্মরণ করতে চাই।
এনটিভিকে দেখেছি নিরপেক্ষতা বজায় রাখতে : সারোয়ার তুষার
এনসিপির যুগ্ম-আহ্বায়ক সারোয়ার তুষার বলেছেন, এনটিভির প্রতিষ্ঠাবার্ষিকীতে আমাদের দল জাতীয় নাগরিক পার্টি থেকে সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আমরা ছোটবেলা থেকে এনটিভি দেখে দেখে বড় হয়েছি। আওয়ামী ফ্যাসিস্ট আমলে তারা নানা রকম নির্যাতনের মধ্যে ছিলেন। গত দুই বছর বিভিন্ন মিডিয়ায় বিভিন্ন ধরনের এনোমালি দেখেছি। কিন্তু এনটিভিকে দেখেছি নিরপক্ষতা বজায় রেখেছে।
এনটিভির রিসার্চ টিম গঠন জরুরি : শিশির মনির
সুপ্রিম কোর্টের আইনজীবী শিশির মনির বলেছেন, ‘সময়ের সাথে আগামীর পথে’ স্লোগানকে ধারণ করে প্রতিষ্ঠিত হওয়া এনটিভি শুরু থেকেই তাদের বস্তুনিষ্ঠ সাংবাদিকতার ধারা বজায় রাখতে সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছে। তবে শুধু আজকের বা তাৎক্ষণিক সংবাদ পরিবেশনের মধ্যেই সীমাবদ্ধ না থেকে আগামী দিনে কী ঘটতে যাচ্ছে, তা নিয়ে একটি বিশেষায়িত দল বা রিসার্চ টিমের মাধ্যমে সুনিপুণ গবেষণা করে সংবাদ পরিবেশন করা উচিত, যার মাধ্যমে এনটিভি পুরো জাতিকে সঠিক পথ দেখাতে পারবে।

নিজস্ব প্রতিবেদক