ইরানের সর্বোচ্চ নেতার দপ্তরের উপদেষ্টার সঙ্গে সাংবাদিকদের মতবিনিময়
ইরানের সর্বোচ্চ নেতার দপ্তরের আন্তর্জাতিক সম্পর্কবিষয়ক উপদেষ্টা ড. সাইয়্যেদ মাহদী আলীযাদেহ মুসাভী ঢাকায় সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেছেন। বৃহস্পতিবার (২ জুলাই) সকালে রাজধানীর হোটেল ফার্সে আয়োজিত এ সভায় দেশের বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিক, গবেষক ও বিশিষ্ট ব্যক্তিরা অংশ নেন।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ইরানের কোম নগরীর ইসলামিক সেমিনারির শিক্ষক ও গবেষক সাইয়্যেদ মোস্তফা মুসাভী এবং ইরানের সর্বোচ্চ নেতার দপ্তরের সিনিয়র নির্বাহী কর্মকর্তা কাসেম শাবানকারী।
মতবিনিময় সভায় বক্তারা মুসলিম বিশ্বের ঐক্য, ন্যায়বিচার প্রতিষ্ঠা এবং অন্যায়ের বিরুদ্ধে প্রতিরোধে ইসলামী প্রজাতন্ত্র ইরানের ভূমিকা নিয়ে আলোচনা করেন। তাদের বক্তব্যে বলা হয়, পবিত্র কুরআনের শিক্ষা, নৈতিক মূল্যবোধ ও ইসলামী আদর্শের ভিত্তিতে গড়ে ওঠা ইরানের ইসলামী বিপ্লব আন্তর্জাতিক চাপ, নিষেধাজ্ঞা ও বিভিন্ন প্রতিকূলতার মধ্যেও এগিয়ে চলেছে। পাশাপাশি বিশ্বের বিভিন্ন দেশে ইসলামের প্রকৃত শিক্ষা ও মানবিক মূল্যবোধের বার্তা পৌঁছে দেওয়ার বিষয়েও গুরুত্বারোপ করা হয়।
বক্তারা বলেন, বর্তমান বৈশ্বিক প্রেক্ষাপটে মুসলিম উম্মাহর মধ্যে পারস্পরিক সহযোগিতা, সংলাপ ও ঐক্যের বিকল্প নেই। একই সঙ্গে সত্য ও ন্যায় প্রতিষ্ঠায় গণমাধ্যম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে বলেও তারা মন্তব্য করেন।
অনুষ্ঠানে সাংবাদিকরা সমসাময়িক আন্তর্জাতিক বিভিন্ন বিষয়, মুসলিম বিশ্বের চ্যালেঞ্জ এবং বাংলাদেশ-ইরানের সাংস্কৃতিক ও বুদ্ধিবৃত্তিক সহযোগিতা নিয়ে প্রশ্ন করেন। জবাবে ড. সাইয়্যেদ মাহদী আলীযাদেহ মুসাভী পারস্পরিক বোঝাপড়া ও সহযোগিতা আরও জোরদারের ওপর গুরুত্বারোপ করেন।
সভা শেষে অতিথি ও সাংবাদিকরা শুভেচ্ছা বিনিময় করেন এবং ভবিষ্যতেও এ ধরনের গঠনমূলক মতবিনিময় অব্যাহত রাখার আশা প্রকাশ করেন।

এনটিভি অনলাইন ডেস্ক