দর্শক-শ্রোতাসহ সবাইকে নিয়ে এগিয়ে যেতে চাই : আশফাক উদ্দিন আহমেদ
এনটিভির ২৪ বছরে পদার্পণের শুভ মুহূর্তে আমি সর্বপ্রথম স্মরণ করছি মহান আল্লাহ রাব্বুল আলামিনকে, তাঁর প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। আমি গভীরভাবে স্মরণ করছি বাংলাদেশের স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে এবং দেশনেত্রী সাবেক প্রধানমন্ত্রী সদ্য প্রয়াত বেগম খালেদা জিয়াকে।
এনটিভির ব্যবস্থাপনা পরিচালক মো. আশফাক উদ্দিন আহমেদ আজ ৩ জুলাই এনটিভির জন্মদিনে এক শুভেচ্ছা বাণীতে এই কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।
মো. আশফাক উদ্দিন আহমেদ বলেন, আমি এখানে স্মরণ করতে চাই, এনটিভির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকীতে বেগম খালেদা জিয়া সশরীরে এসেছিলেন, দিকনির্দেশনামূলক বক্তব্য রেখেছিলেন–যা আমাদের জন্য অনুকরণীয় হয়ে থাকবে। আমি আরও বিশেষ একটি ঘটনা উল্লেখ করতে চাই। আমাদের বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান গত মাসে তাঁর দপ্তরে বাংলাদেশের সব সংবাদ মাধ্যমের দায়িত্বশীল ব্যক্তিদের ডেকেছিলেন। সবার সামনে তিনি এনটিভির কয়েকটি অনুষ্ঠান নিয়ে আলোচনা করেছেন, প্রশংসা করেছেন এবং সবাইকে দেখিয়েছেন। এটি অবশ্যই আমাদের জন্য অনেক বড় পাওয়া এবং আমাদের জন্য অনুপ্রেরণা।
এনটিভির ব্যবস্থাপনা পরিচালক আরও বলেন, আজকের এই মাহেন্দ্রক্ষণে আমি দেশবাসী, ক্যাবল অপারেটর, বিজ্ঞাপনদাতা, দর্শক-শ্রোতাসহ সবাইকে নিয়ে ‘সময়ের সাথে, আগামীর পথে’ এগিয়ে যেতে চাই। আমি সবার কাছে এনটিভির জন্মদিনে দোয়া ও ভালোবাসা প্রত্যাশা করছি।

নিজস্ব প্রতিবেদক