বস্তুনিষ্ঠ সংবাদ ও মানসম্মত অনুষ্ঠানের মাধ্যমে আস্থা অর্জন করেছে এনটিভি : রাষ্ট্রপতি
এনটিভি দীর্ঘদিন ধরে বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন ও মানসম্মত অনুষ্ঠানমালা সম্প্রচার করে দর্শকদের আস্থা অর্জন করেছে বলে মন্তব্য করেছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন।
এনটিভির ২৪ বছরে পদার্পণ উপলক্ষে দেওয়া এক বাণীতে রাষ্ট্রপতি বলেন, ‘সময়ের সাথে আগামীর পথে’—স্লোগানকে ধারণ করে এনটিভি দীর্ঘদিন ধরে বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন ও মানসম্মত অনুষ্ঠানমালা সম্প্রচার করে দর্শকদের আস্থা অর্জন করেছে। আমি আশা করি, চ্যানেলটি ভবিষ্যতেও নিরপেক্ষ ও সত্যনিষ্ঠ সংবাদ পরিবেশনের পাশাপাশি দেশের সত্যিকার ইতিহাস ও ঐতিহ্যকে ধারণ এবং জনস্বার্থের প্রতি অটল থেকে তাদের সুদৃঢ় অবস্থান অটুট রাখবে।
২৪ বছরের পদার্পণ উপলক্ষে এনটিভির পরিচালনা পর্ষদ, শিল্পী, কলাকুশলী, সংবাদকর্মী, কর্মকর্তা-কর্মচারী ও দেশ-বিদেশের অগণিত দর্শক এবং সংশ্লিষ্ট সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন জানান রাষ্ট্রপতি। এনটিভির উত্তরোত্তর সাফল্য ও সমৃদ্ধিও কামনা করেন তিনি।
গণতান্ত্রিক সমাজ ব্যবস্থায় গণমাধ্যমের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ উল্লেখ করে রাষ্ট্রপতি বলেন, জনগণের তথ্য প্রাপ্তির অধিকার নিশ্চিত করা, জনসচেতনতা বৃদ্ধি, সুশাসন প্রতিষ্ঠা এবং জাতীয় গুরুত্বপূর্ণ বিষয়ে জনমত গঠনে দায়িত্বশীল ও পেশাদার গণমাধ্যমের বিকল্প নেই। বর্তমান ডিজিটাল প্রযুক্তিনির্ভর বিশ্বে বস্তুনিষ্ঠ ও নির্ভরযোগ্য সংবাদ এবং মানসম্মত ও রুচিশীল অনুষ্ঠানমালা পরিবেশনের গুরুত্ব দিন দিন বৃদ্ধি পাচ্ছে।
বর্তমান সরকার একটি শক্তিশালী ও দায়িত্বশীল গণমাধ্যম কাঠামো গড়ে তুলতে বদ্ধপরিকর—এমন মন্তব্য করে রাষ্ট্রপতি বলেন, গণমাধ্যমের স্বাধীন ও জবাবদিহিমূলক বিকাশ এবং গণমাধ্যমকর্মীদের পেশাগত মানোন্নয়ন ও নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করতে সরকার বিভিন্ন ইতিবাচক উদ্যোগ গ্রহণ করছে। ইতোমধ্যে একটি স্বাধীন গণমাধ্যম কমিশন প্রতিষ্ঠা এবং প্রবীণ সাংবাদিকদের অবসর ভাতা প্রদানের উদ্যোগ গ্রহণ করা হয়েছে। আমি আশা করি, গণমাধ্যমের স্বাধীনতা ও দায়িত্বশীলতা নিশ্চিত করতে এবং গণমাধ্যম কর্মীদের পেশাগত উৎকর্ষ বৃদ্ধিতে সরকারের পাশাপাশি মালিকপক্ষসহ সংশ্লিষ্ট সব অংশীজন নিজ নিজ অবস্থান থেকে ইতিবাচক ভূমিকা রাখবেন।

নিজস্ব প্রতিবেদক