ঝালকাঠিতে নির্মাণাধীন ব্রিজে বিদ্যুৎস্পৃষ্টে শ্রমিকের মৃত্যু
ঝালকাঠির রাজাপুরে একটি নির্মাণাধীন ব্রিজে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মো. শাকিল হাওলাদার (২৩) নামে এক নির্মাণশ্রমিকের মৃত্যু হয়েছে। গতকাল বুধবার (১ জুলাই) বিকেলে উপজেলার মঠবাড়িয়া ইউনিয়নের ডহরশংকর গ্রামের আক্কেল মার্কেট এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত শাকিল পটুয়াখালী জেলার গলাচিপা উপজেলার কালিরচর গ্রামের নজরুল হাওলাদারের ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, আক্কেল মার্কেট এলাকায় নির্মাণাধীন ব্রিজের কাজ করার সময় অসাবধানতাবশত শাকিল বিদ্যুতায়িত হয়ে গুরুতর আহত হন। এসময় তার সহকর্মী ও স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে দ্রুত রাজাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে শাকিলকে মৃত ঘোষণা করেন।
খবর পেয়ে রাজাপুর থানার উপ-পরিদর্শক (এসআই) মো. রফিকুল ইসলাম ফোর্সসহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে ঘটনাস্থল ও হাসপাতাল পরিদর্শন করেন।
রাজাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুজন বিশ্বাস জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঝালকাঠি মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।

নাঈম হাসান, ঝালকাঠি (কাঁঠালিয়া-রাজাপুর)