টিসিজেএ প্রীতি ফুটবল, আর্জেন্টিনাকে হারিয়ে ব্রাজিল জয়ী
চট্টগ্রামে উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হলো ফুটবল বিশ্বের দুই চিরপ্রতিদ্বন্দ্বী দল ব্রাজিল ও আর্জেন্টিনার সমর্থকদের মধ্যকার ঐতিহ্যবাহী এক প্রীতি ফুটবল ম্যাচ। ‘টিভি ক্যামেরা জার্নালিস্টস অ্যাসোসিয়েশন (টিসিজেএ), চট্টগ্রাম’-এর উদ্যোগে আয়োজিত এই জমকালো ম্যাচে নির্ধারিত সময়ের খেলা ২-২ গোলে ড্র হয়। পরবর্তীতে তীব্র উত্তেজনাপূর্ণ টাইব্রেকারে সাডেন ডেথে আর্জেন্টিনাকে হারিয়ে জয়োল্লাসে মাতে ব্রাজিল দল।
ঐতিহাসিক এই প্রীতি ম্যাচে প্রথমে চরণ টিপুর দুর্দান্ত গোলে এগিয়ে যায় আর্জেন্টিনা। এরপর ব্রাজিলের হয়ে সমতাসূচক গোলটি করেন অনিক বিশ্বাস। ফলে ১-১ গোলে সমতায় থেকে বিরতিতে যায় দুদল। খেলার দ্বিতীয়ার্ধে আবারও আক্রমণাত্মক ফুটবল খেলে এনামুল হকের গোলে লিড নেয় ব্রাজিল। তবে খেলা শেষ হওয়ার কিছুক্ষণ আগে আর্জেন্টিনার সুমন গোস্বামী গোল করে দলকে ২-২ সমতায় ফেরান। নির্ধারিত সময়ে আর কোনো গোল না হওয়ায় ম্যাচটি সরাসরি টাইব্রেকারে গড়ায় এবং সেখানে রোমাঞ্চকর লড়াইয়ে জয় নিশ্চিত করে ব্রাজিল।
খেলা শেষে এক বর্ণাঢ্য পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে চ্যাম্পিয়ন ও রানার্স-আপ দলের হাতে ট্রফি তুলে দেন চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব মোহাম্মদ সালাউদ্দিন। পেশাগত ব্যস্ততার মাঝে সাংবাদিকদের এমন ক্রীড়া আয়োজনের ভূয়সী প্রশংসা করে তিনি বলেন, এ ধরনের আয়োজন পারস্পরিক সৌহার্দ্য, সম্প্রীতি ও মানসিক প্রফুল্লতা বৃদ্ধিতে দারুণ ভূমিকা রাখবে।
ব্রাজিল ও আর্জেন্টিনা প্রীতি ফুটবল ম্যাচ আয়োজক কমিটির আহ্বায়ক মো. সাইফুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রিলায়েন্স ট্রেড অ্যান্ড ইঞ্জিনিয়ারিং কর্পোরেশনের স্বত্বাধিকারী তহুরা পিংকি ও রহিমা রুহী এবং মাখতুমা মোতাছিম অ্যাসোসিয়েটের স্বত্বাধিকারী মো. ফরিদ উদ্দিন।
অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন চট্টগ্রাম প্রেসক্লাবের সাধারণ সম্পাদক গোলাম মওলা মুরাদ, এটিএন বাংলার ব্যুরো চিফ আবুল হাসনাত এবং দীপ্ত টিভির ব্যুরো চিফ লতিফা আনসারী। আয়োজক সংগঠনের পক্ষে টিসিজেএ সভাপতি এনামুল হক, সাধারণ সম্পাদক আশরাফুল আলম মামুন এবং সংগঠনের সাবেক সভাপতি সফিক আহমেদ সাজিবসহ স্থানীয় গণমাধ্যমের কর্মীরা এ সময় উপস্থিত ছিলেন।

শামসুল হক হায়দরী, চট্টগ্রাম