দেশের ১৬ অঞ্চলে ঝড়ের পূর্বাভাস, নদীবন্দরে সতর্কতা
দেশের ১৬টি অঞ্চলের ওপর দিয়ে তীব্র বেগে দমকা অথবা ঝড়ো হাওয়া ও বজ্রবৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। একই সঙ্গে এসব এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।
আজ বুধবার (২৪ জুন) সকালে আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ এ কে এম নাজমুল হক স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই পূর্বাভাস দেওয়া হয়।
আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, আজ ভোর ৫টা থেকে দুপুর ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দর সমূহের জন্য এই সতর্কতা জারি থাকবে।
বিজ্ঞপ্তি অনুযায়ী- রংপুর, দিনাজপুর, বগুড়া, পাবনা, টাংগাইল, ময়মনসিংহ, ঢাকা, ফরিদপুর, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার ও সিলেট অঞ্চলসমূহের উপর দিয়ে দক্ষিণ অথবা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে বৃষ্টি অথবা বজ্রবৃষ্টিসহ অস্থায়ীভাবে দমকা বা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে।
ঝড়ো আবহাওয়ার কারণে নদী ও নদী তীরবর্তী এলাকার সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে এসব এলাকার নৌবন্দরসমূহকে ১ নম্বর (পুনঃ) ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। নৌযানগুলোকে সাবধানে চলাচলের পাশাপাশি পরবর্তী নির্দেশনার দিকে নজর রাখতে পরামর্শ দেওয়া হয়েছে।

এনটিভি অনলাইন ডেস্ক