বজ্রাঘাতে বৃদ্ধ কৃষকের মৃত্যু
জামালপুরের মাদারগঞ্জে বজ্রাঘাতে নিহত কৃষক মুসা ফকির। ছবি : এনটিভি
জামালপুরের মাদারগঞ্জে গরুর জন্য ঘাস কাটতে গিয়ে বজ্রাঘাতে মুসা ফকির (৬০) নামে এক বৃদ্ধ কৃষকের মৃত্যু হয়েছে। আজ রোববার (২১ জুন) বিকেলে উপজেলার বালিজুড়ী ইউনিয়নের উত্তর চরবওলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয়রা জানায়, আজ বিকেলে বাড়ির পাশের মাঠে গরুর জন্য ঘাস কাটতে যান কৃষক মুসা ফকির। এ সময় বৃষ্টির সঙ্গে বজ্রপাত শুরু হয়। বৃষ্টির মধ্যে ঘাস কাটার সময় হঠাৎ বজ্রাঘাতে তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে মাদারগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। তিনি এই এলাকার মৃত মহির উদ্দিনের ছেলে।
মাদারগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. নাহিদ উজ্জামান জানান, হাসপাতালে আনার আগেই কৃষক মুসা ফকিরের মৃত্যু হয়েছে। প্রয়োজনীয় প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হয়েছে।

আসমাউল আসিফ, জামালপুর