দেশে সব ক্ষেত্রেই দক্ষ জনশক্তির চাহিদা বাড়ছে
সরকারি চাকরি থেকে শুরু করে উদ্যোক্তা হওয়া—সব ক্ষেত্রেই বর্তমান সময়ে দক্ষ জনশক্তির চাহিদা দিন দিন বাড়ছে। সেই বাস্তবতাকে সামনে রেখে তরুণ সমাজকে কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষা ও প্রশিক্ষণের (টিভিইটি) দিকে আরও বেশি এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রকৌশলী মো. রুহুল আমিন। তিনি বলেন, দক্ষতা অর্জন করলে একজন ব্যক্তি যেমন দ্রুত কর্মসংস্থানের সুযোগ পাবেন, তেমনি স্বল্প পুঁজিতে নিজের উদ্যোগে স্বাবলম্বী হওয়ার সক্ষমতা অর্জন করবেন।
আজ শুক্রবার (১৯ জুন) সকালে খুলনা মহিলা কলেজের সেমিনার হলে আয়োজিত এক সেমিনারে সভাপতির বক্তব্যে মো. রুহুল আমিন এসব কথা বলেন।
কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষা ও প্রশিক্ষণ (টিভিইটি) এর সুফল সম্পর্কে সচেতনতা বৃদ্ধি ও ভর্তির প্রচারণা বাড়াতে এই বিশেষ সেমিনারের আয়োজন করা হয়। সেমিনারে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাধ্যমিক ও উচ্চ শিক্ষা খুলনা অঞ্চলের পরিচালক প্রফেসর ড. মো. আনিস আর রেজা।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন খুলনা সরকারি পলিটেকনিক ইনস্টিটিউটের অধ্যক্ষ প্রকৌশলী অনিমেষ পাল, খুলনা সরকারি মহিলা পলিটেকনিক ইনস্টিটিউটের অধ্যক্ষ কাজী নেয়ামুল শাহীন এবং কারিগরি শিক্ষা অধিদপ্তরের খুলনা আঞ্চলিক কার্যালয়ের পরিচালক (অতিরিক্ত দায়িত্ব) সুশান্ত কুমার সাহা।
সেমিনারে বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যান আরও বলেন, দেশে কারিগরি শিক্ষার সম্প্রসারণ শুরু হলেও তা এখনও প্রয়োজনের তুলনায় সীমিত। তবে সরকার ইতিমধ্যেই জেলা ও উপজেলা পর্যায়ে টেকনিক্যাল ও পলিটেকনিক শিক্ষাপ্রতিষ্ঠান সম্প্রসারণের কার্যকর উদ্যোগ নিয়েছে। পর্যায়ক্রমে দেশের বিভিন্ন এলাকায় আরও নতুন প্রতিষ্ঠান স্থাপনের পরিকল্পনা রয়েছে। পাশাপাশি বিভিন্ন বিভাগে নতুন ইঞ্জিনিয়ারিং কলেজও চালুর উদ্যোগ চলমান রয়েছে।
প্রকৌশলী মো. রুহুল আমিন বলেন, কারিগরি শিক্ষার সবচেয়ে বড় শক্তি হচ্ছে—এখানে বাস্তবমুখী দক্ষতা অর্জনের মাধ্যমে শিক্ষার্থীরা সরকারি, বেসরকারি ও ব্যক্তিমালিকানাধীন প্রতিষ্ঠানে সরাসরি কাজের সুযোগ পায়। একই সঙ্গে তারা নিজেরাই ক্ষুদ্র উদ্যোক্তা হিসেবে ক্যারিয়ার শুরু করতে পারে। উদাহরণ হিসেবে তিনি বলেন, মোবাইল সার্ভিসিং, কম্পিউটারভিত্তিক অনলাইন সেবা, ইলেকট্রিক্যাল কাজ, ওয়েল্ডিং, নির্মাণকাজ, কাঠশিল্পসহ বিভিন্ন খাতে অল্প পুঁজিতেই দ্রুত আয়মুখী উদ্যোগ গড়ে তোলা সম্ভব। বর্তমান সময়ে অনলাইন আবেদন, ডিজিটাল সেবা প্রদান এবং প্রযুক্তিনির্ভর কাজের সুযোগও দ্রুত বাড়ছে। তিনি আরও যোগ করেন, কারিগরি শিক্ষার মাধ্যমে একজন শিক্ষার্থী শুধু আয়মুখী দক্ষতাই অর্জন করে না, বরং উচ্চশিক্ষার পথও তার জন্য সবসময় উন্মুক্ত থাকে। দেশে ও বিদেশে উচ্চশিক্ষা এবং আন্তর্জাতিক কর্মসংস্থানের ক্ষেত্রেও কারিগরি শিক্ষার্থীদের সুযোগ দিন দিন বাড়ছে।
উক্ত সেমিনারে খুলনা বিভাগের বিভিন্ন জেলার প্রায় ৪০০টি কলেজের প্রধান শিক্ষক এবং স্থানীয় সম্মানিত ইমামগণ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।

বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)